প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার পাবনা ও সিরাজগঞ্জ সফর করবেন। তাঁর এই সফর ঘিরে পাবনার মানুষ দীর্ঘদিনের কিছু দাবি পূরণের আশা করছে।প্রধানমন্ত্রীর সফরসূচি থেকে জানা গেছে, সকাল ১০টায় তিনি সিরাজগঞ্জে কিছু উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। দুপুর ১২টায় পৌঁছাবেন পাবনার বেড়া উপজেলা সদরে। সেখানে আরও কিছু প্রকল্পের উদ্বোধন শেষে বেলা একটায় পাবনা জেলা সদরে আসবেন। বেলা সোয়া দুইটায় তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। এর আগে তিনি ওই মাঠ থেকে জেলার বিভিন্ন এলাকার আরও কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে পাবনায় কাজিরহাট-আরিচা সেতু নির্মাণ, সরকারি এডওয়ার্ড কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঘোষণা, ইছামতী নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ করে নদীটি খনন, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও পাবনাকে সিটি করপোরেশন ঘোষণার দাবি উঠেছে।পাবনা শিল্প ও বণিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম বলেন, ‘পাবনার উন্নয়নের স্বার্থে ইছামতী নদী খনন ও নদীর পাড় ঘেঁষে মনোরম একটি পার্ক তৈরির দাবি জানাচ্ছি।’ পাবনা-৫ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক খন্দকার বলেন, ‘গত সংসদ নির্বাচনের আগে আমরা পাবনাবাসীর কাছে বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দিয়েছিলাম; যার অধিকাংশ বর্তমান সরকার বাস্তবায়ন করেছে।’সিরাজগঞ্জ থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, প্রধানমন্ত্রী সকাল ১০টায় হেলিকপ্টারে করে সদর উপজেলার সয়দাবাদ এলাকায় সরকারিভাবে নির্মিত ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট (বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র) চত্বরে আসবেন। কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি একই স্থানে ২২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বেলা ১১টায় উল্লাপাড়া উপজেলায় করতোয়া নদীর ওপর নির্মিত সোনতলা সেতুর উদ্বোধন করবেন।সেতু উদ্বোধন শেষে তিনি সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিদ্যুৎকেন্দ্র ও সোনতলা সেতু ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে।