দাবি পূরণের আশ্বাস না পেয়ে হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সফর ঘিরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মানুষ আশায় বুক বেঁধে ছিল। কলাপাড়াকে জেলা, মহিপুর ও কুয়াকাটাকে থানায় রূপান্তরসহ নানা দাবির বিষয়ে প্রধানমন্ত্রী কোনো ঘোষণাই দেননি।এ কারণে কলাপাড়া উপজেলার সাধারণ মানুষ হতাশ হয়েছেন। তাঁদের আশা ছিল, কলাপাড়াকে জেলা, মহিপুর ও কুয়াকাটাকে থানা করার এবং রামনাবাদ চ্যানেলের চাড়িপাড়ায় দেশের তৃতীয় সমুদ্রবন্দর স্থাপনের দাবিগুলোর মধ্যে অন্তত দু-একটি পূরণ হওয়ার আশ্বাস দেবেন প্রধানমন্ত্রী। কিন্তু কলাপাড়ায় আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী কয়েকটি দাবির বিষয়ে কোনো কথাই বলেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার এক সফরে পটুয়াখালী, কলাপাড়া, কুয়াকাটা ও রাঙ্গাবালী উপজেলায় আসেন। এসব এলাকায় তিনি দিনভর উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধনসহ ব্যস্ত সময় অতিবাহিত করেন। বিকেলে কলাপাড়া পৌর শহরের মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি বক্তব্য দেন।প্রধানমন্ত্রীর সফর সফল করতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে সভা, সমাবেশ, মিছিল এবং মাইকে প্রচারণা চালান। প্রত্যেকটি সভাতেই উল্লিখিত দাবিগুলোর বিষয় তুলে ধরে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়। কিন্তু জনসভায় যোগ দেওয়ার পর দাবি পূরণের আশ্বাস না পেয়ে তাঁরা হতাশ হন। স্থানীয় সাংসদ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান এখানে আয়োজিত জনসভায় তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রীর কাছে এসব দাবি তুলে ধরেননি। তাই অনেকেই প্রতিমন্ত্রীর সমালোচনা করেছেন। কলাপাড়া নাগরিক অধিকার কমিটির সভাপতি জালাল উদ্দিন তালুকদার বলেন, ‘জনগণের নতুন দাবিগুলো প্রধানমন্ত্রীর জনসভায় স্থানীয় এমপি হিসেবে মাহবুব সাহেবের তোলা উচিত ছিল। দাবি না তোলাটাও সবাইকে হতবাক করেছে। নতুন দাবির মধ্যে একটিও পূরণ হলে মানুষ এতটা আশাহত হতো না।’এ বিষয়ে প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।উপজেলার মহিপুুুুুর ইউনিয়নের বাসিন্দা মো. সোহাগ হাওলাদার বলেন, ‘মহিপুরকে থানা করার দাবি জানিয়ে মানববন্ধন, মিছিল করেছি। ভরসা নিয়ে সেদিন জনসভায় যোগ দিয়েছিলাম। শেষ পর্যন্ত কোনো ঘোষণা না দেওয়ায় হতাশ হয়েছি।’ মহিপুর থানা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের আশা পূরণ হয়নি, তাতে কষ্ট পেয়েছি। তবে আমাদের এই ন্যায্য দাবি যত দিনে পূরণ না হবে, তত দিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’কুয়াকাটার ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, ‘কুয়াকাটায় পূর্ণাঙ্গ থানা হওয়া দরকার। আমরা এই দাবি জানিয়ে মিছিল, মিটিং, মানববন্ধন করেছি। স্থানীয় নেতৃবৃন্দ আমাগো দাবির প্রতি সমর্থনও জানাইছে। আইজগো দাবিডা তো পূরণ অইল না।’ কুয়াকাটা পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনির আহমেদ ভূঁইয়া বলেন, ‘আমরা চেষ্টা করেছিলাম, দাবি আদায় করতে; হতাশ হলেও আশা ছাড়িনি। সভা করে এ ব্যাপারে মূল্যায়ন করা হবে।’সাগর মোহনার রামনাবাদ চ্যানেলের লালুয়া ইউনিয়নের চাড়িপাড়ায় দেশের তৃতীয় সমুদ্রবন্দর নির্মাণের ব্যাপারেও কোনো সুস্পষ্ট ঘোষণা না দেওয়ায় হতাশ হয়েছে লালুয়া ইউনিয়নের বাসিন্দারা। নাওয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. জসিম উদ্দিন বলেন, ‘মোগো কইছেলে আপনারা লোহজন লইয়া জনসভায় যাইবেন, চাড়িপাড়ায় পোর্ট অইবে, হেই ঘোষণা দেবে। হেই আশা লইয়া জনসভায় আইছেলাম। কিচ্ছুই তো পাইলাম না।’উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এস এম রাকিবুল আহসান দাবি করেন, ‘কলাপাড়ায় সুনির্দিষ্টভাবে কোনো ইউনিয়নে থানা করার দাবি দলীয়ভাবে করা হয়নি। প্রধানমন্ত্রী চাড়িপাড়ায় তৃতীয় সমুদ্রবন্দর স্থাপনের বিষয়ে নিরীক্ষা চালানোর কথা বলেছেন। এ ছাড়া তিনি ওই খানেই সমুদ্রবন্দর হবে বলে আশ্বাস দিয়েছেন। তাই আমরা মোটেই হতাশ নই।’