দাবি পূরণের আশ্বাসে সিএনজি স্টেশনে ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের সিএনজি ফিলিং স্টেশনে ধর্মঘটের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। সরকার গ্যাস সরবরাহ বন্ধ রাখার সময় ছয় ঘণ্টা থেকে কমিয়ে চার ঘণ্টা করা (বিকেল তিনটা থেকে রাত নয়টার বদলে বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত) এবং অন্যান্য দাবি দ্রুত মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।গতকাল রোববার বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সরকারের সঙ্গে স্টেশন-মালিকদের এক বৈঠকে উভয় পক্ষের মধ্যে এ নিয়ে সমঝোতা হয়। আগামী ফেব্রুয়ারি মাস থেকে সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সময় আরও এক ঘণ্টা কমানো হবে বলে সরকার ও মালিকপক্ষের সূত্র জানায়।গত অক্টোবর মাস এই ধর্মঘট ডাকা হয়েছিল। তারপর দুই দফায় সরকারের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন ধর্মঘট স্থগিত রাখে।মালিক সমিতির অন্যান্য দাবির মধ্যে রয়েছে সিএনজি স্টেশনে ইভিসি (ইলেকট্রনিক ভলিউম কারেক্টর) মিটার লাগানো, সিএনজি স্টেশনের লাইসেন্স ফি ও নবায়ন ফি এক লাখ টাকা থেকে কমানো প্রভৃতি। গতকাল সভায় এসব দাবি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এসব দাবি দ্রুত বাস্তবায়নে ব্যবস্থা নিতে অবিলম্বে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বলা হবে।সভায় প্রতিমন্ত্রী এনামুল হক, জ্বালানিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং মালিক সমিতির পক্ষে সভাপতি শফিউল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ নেতারা উপস্থিত ছিলেন।