চট্টগ্রামে ছাত্রছাত্রীসহ সাধারণ নাগরিকের পরিবহন চলাচলের সুবিধার্থে চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘পরিবহনে ছাত্র অধিকার সংরক্ষণ ফোরাম’ নগরের কদম মোবারক ইসলামাবাদী মেমোরিয়াল হলে এ সভার আয়োজন করে। দাবিগুলো হলো: পরিবহনে ছাত্রদের জন্য ভাড়া ৫০ শতাংশ ছাড় চালু করা, সিটি করপোরেশন ও বিআরটিসির উদ্যোগে বাস চালু করা, বিআরটিসির উদ্যোগে সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত বাস চালু করা এবং অযৌক্তিকভাবে জ্বালানির দাম না বাড়ানো। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সত্যজিৎ বিশ্বাস। সভা পরিচালনা করেন ছাত্র ইউনিয়নের সভাপতি তৌহিদ টিপু। মূল প্রবন্ধ পড়ে শোনান বাংলাদেশ ছাত্র ফেডারেশনের মো. রাসেল। এতে বক্তব্য দেন কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত, সাবেক বিএমএর নেতা এ কিউ এম সিরাজুল ইসলাম চৌধুরী, মুক্তিযুদ্ধ গবেষক মাহফুজুর রহমান, প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সাধারণ সম্পাদক সুভাষ বড়ুয়া, সাবেক আইনজীবী নেতা আখতার কবীর চৌধুরী প্রমুখ। এ ছাড়া সভায় বিভিন্ন রাজনৈতিক দল ও পরিবহনশ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।