দাবি মানতে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বৃহস্পতিবারের মধ্যে আট দফা দাবি না মানলে চট্টগ্রাম কলেজ এবং হাজী মুহাম্মদ মহসিন কলেজের দুই অধ্যক্ষকে অপসারণের দাবিতে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। গতকাল সোমবার বেলা ১১টায় চট্টগ্রাম কলেজের সামনে এক যৌথ মানববন্ধন কর্মসূচি থেকে ছাত্রলীগ নেতারা এই আলটিমেটাম ঘোষণা করেন।
শিক্ষার্থীদের নিরাপত্তা, ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন, মূল ফটক ছাড়া বাকি ১৬টি প্রবেশপথ বন্ধ করে দেওয়া, নাশকতা মামলার আসামি ছাত্রদের গ্রেপ্তার, ছাত্রত্ব বাতিলসহ আট দফা দাবিতে শনিবার থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু করে ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় গতকাল মানববন্ধনের আয়োজন করেন দুটি কলেজের ছাত্রলীগের নেতারা।
কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন আইনজীবী আবুল হাশেম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতা শেখ সফিউল আজম, নগর আওয়ামী লীগের সদস্য আবদুল লতিফ, নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ, সাধারণ সম্পাদক নুরুল আজিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি মো. আলমগীর, সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বী, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতিয়ার সাঈদ ইমাম, সাধারণ সম্পাদক আবু তৈয়ব, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ইয়াছির আরাফাত, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নেতা মাহমুদুল করিম, মহসিন কলেজ ছাত্রলীগের নেতা আবদুল্লাহ আল মামুন প্রমুখ।