দাবি মানলে গরুর মাংস হবে ৩০০ টাকা কেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাংস ব্যবসায়ীরা বলেছেন, তাঁদের দাবি বাস্তবায়ন করা হলে ৩০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করা যাবে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তাঁরা এ কথা বলেন। বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি যৌথ উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে মাংস ব্যবসায়ীরা বলেন, তাঁদের দাবি না মানা হলে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হবে। গাবতলী পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায় বন্ধসহ চার দফা দাবিতে টানা ছয় দিনব্যাপী ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি। গত সোমবার থেকে শুরু হওয়া এই ধর্মঘট আজ শনিবার শেষ হবে। মাংস ব্যবসায়ীদের দাবিগুলো হলো অতিরিক্ত খাজনা আদায়ের জন্য গাবতলী হাটের ইজারাদারদের ইজারা বাতিল করা, হুন্ডির মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে গরু নিয়ে আসা বন্ধ করা ও হুন্ডি ব্যবসায়ী ‘কালা মইজা’কে বিচারের আওতায় আনা, হাজারীবাগের ট্যানারিগুলো দ্রুত অপসারণ ও চামড়ার পড়তি দাম বাড়ানো, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পত্তি কর্মকর্তাকে অপসারণ করা ইত্যাদি।
ব্যবসায়ীরা বলেন, ট্যানারি মালিকদের ‘সিন্ডিকেটের কারণে’ চামড়ার দাম কমে যাচ্ছে। গরুর চামড়া একসময় ৪ থেকে ৫ হাজার টাকায় বিক্রি করা যেত। সেই চামড়া এখন ২০০ থেকে ৬০০ টাকায় বিক্রি করতে হয়। ছাগলের চামড়া ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি করা হতো। তা এখন মাত্র ২০-৩০ টাকায় বিক্রি করতে হচ্ছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মুর্তজা, মহাসচিব রবিউল আলম, ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ মো. আবদুল বারেক, সম্পাদক শামীম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।