‘বিরোধী দলের দাবি মেনে নেওয়া ছাড়া সরকারের কাছে কোনো বিকল্প পথ নেই’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ। তিনি বলেন, মহাজোটের প্রধান শরিক জাপা নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের প্রশ্নে দৃঢ় অবস্থান নেওয়ায় গোটা জাতি আজ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে পড়েছে। গতকাল শুক্রবার দুপুরে চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়ন জাপার সভায় কাজী জাফর আহমদ এসব কথা বলেন। এ সময় তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের দেওয়া ‘সব দলের অংশগ্রহণ ছাড়া কোনো পাতানো নির্বাচনে অংশ নিয়ে দালাল হয়ে মরতে চাই না’ বক্তব্য উল্লেখ করেন। কাজী জাফর বলেন, এখন সরকার যদি একগুঁয়েমির পরিচয় দিয়ে বিরোধী দলের সঙ্গে অর্থপূর্ণ সংলাপের মাধ্যমে নির্বাচন সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তাহলে এর পরণতি হবে ভয়াবহ। বিকেলে আলকরা ইউনিয়ন জাপার আরেক সভায় তিনি বলেন, ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগ যে আসন পেয়েছিল; আগামী নির্বাচনে আওয়ামী লীগেরও সে রকম আসন পাওয়ার আশঙ্কা আছে।