দাবি পূরণ না হলে ১০ মার্চ থেকে আমরণ অনশনে যাবে বলে বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় ক্ষতিগ্রস্ত বাসিন্দারা ঘোষণা দিয়েছে। জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ ও স্থায়ী পুনর্বাসন দাবির বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যানের সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর ভাষ্য, সমঝোতা বৈঠকের নামে খনি কর্তৃপক্ষ গড়িমসি শুরু করেছে।ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর সংগঠন জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক মো. ইব্রাহীম খলিল জানান, গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় খনির পার্শ্ববর্তী ক্ষতিগ্রস্ত ১০টি গ্রামের অন্তত এক হাজার নারী-পুরুষ বড়পুকুরিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে জড়ো হয়। সেখানে মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় সিদ্ধান্ত হয়, ১০ মার্চের মধ্যে কর্তৃপক্ষ দাবিগুলো মেনে না নিলে খনির প্রধান ফটকে আমরণ অনশন শুরু করা হবে। তিনি বলেন, দিনের পর দিন খনি কর্তৃপক্ষের গড়িমসির কারণে মানুষ আর কোনো সময় দিতে চায় না। বাধ্য হয়ে আন্দোলনের কর্মসূচি দিতে হচ্ছে।খনি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এর আগে শুক্রবার দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বড়পুকুরিয়া কয়লাখনির আবাসিক এলাকার অফিসার্স ক্লাব হলরুমে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মো. মনসুর ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে দুই দফা বৈঠক করেন। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান বলেন, বিষয়টি দ্রুত সমাধান করতে চাইলেও সম্ভব নয়। নিয়মনীতি অনুসরণ করতে কিছুটা সময় প্রয়োজন। পেট্রোবাংলার চেয়ারম্যান জুন-জুলাই মাস পর্যন্ত সময় নিয়েছেন।