দাবি মানা না হলে ২০ জানুয়ারি থেকে পেট্রলপাম্পে কর্মবিরতি
জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধিসহ নয় দফা দাবি ১৯ জানুয়ারির মধ্যে পূরণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। অন্যথায় ২০ জানুয়ারি থেকে সারা দেশে পেট্রলপাম্প ও ট্যাংক লরিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরুর ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা।রাজধানীর মতিঝিলের একটি হোটেলে গতকাল রোববার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি মানা না হলে ২০ জানুয়ারি ভোর ছয়টা থেকে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন, বিক্রি ও বিপণন বন্ধ থাকবে।ঐক্য পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে: ডিজেল বিক্রিতে ৩ দশমিক ৪ শতাংশ, পেট্রল ও অকটেন বিক্রিতে ৪ শতাংশ কমিশন নির্ধারণ, ট্যাংক লরির ভাড়া বৃদ্ধি, জ্বালানি ট্যাংক লরির চালকদের প্রয়োজনীয় পরীক্ষা ও আনুষঙ্গিক কাগজ নিয়ে বিশেষ বিবেচনায় লাইসেন্স প্রদান ইত্যাদি।প্রসঙ্গত, বর্তমানে ডিজেল বিক্রিতে ২ দশমিক ৪৫ শতাংশ, পেট্রল বিক্রিতে ৩ দশমিক ২৭ শতাংশ ও অকটেন বিক্রিতে ৩ দশমিক ৩০ শতাংশ কমিশন দেওয়া হয়।সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের আহ্বায়ক নাজমুল হক বলেন, এর আগে পাঁচবার ধর্মঘট দেওয়া হয়েছে। জ্বালানি তেলের যে কমিশন এখন তাঁরা দাবি করছেন, তা যৌক্তিক বিবেচনায় নিয়ে সরকার আগেই মেনে নিয়েছে। কিন্তু সেগুলো বাস্তবায়ন হচ্ছে না। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক সাহজাহান, পরিষদের নেতা মিজানুর রহমান, এম এ মমিন, রেজাউল করিম প্রমুখ।