প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা পরিষদের চেয়ারম্যানদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় তাঁরা কর্মসূচি স্থগিত করেছেন। গতকাল শনিবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের নেতাদের বৈঠকের পর তাঁরা এ কথা জানান।বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ১০টি মন্ত্রণালয়ের ১৩টি বিভাগের কার্যক্রম উপজেলা পরিষদে ন্যস্ত হচ্ছে। এসব বিভাগের সব কমিটির সভাপতি হবেন উপজেলা চেয়ারম্যান। ইউএনও এসব কমিটির সভাপতি হয়ে আসছেন।অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশীদ হাওলাদার প্রথম আলোকে জানান, তাঁদের ৭০ ভাগ দাবি মেনে নেওয়ার সব কর্মসূচি তাঁরা স্থগিত করেছেন। উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পদত্যাগের সিদ্ধান্ত থেকেও তাঁরা সরে এসেছেন বলে জানান। বৈঠকে প্রধানমন্ত্রী সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনে উপজেলা চেয়ারম্যানদের প্রতি নির্দেশ দিয়েছেন।দুই ঘণ্টাব্যাপী বৈঠকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, জাতীয় সংসদের হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূঁইয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব শেখ ওয়াহিদুজ্জামান, স্থানীয় সরকার সচিব, পল্লী উন্নয়ন সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।চেয়ারম্যানদের পক্ষে ছিলেন সংগঠনের সভাপতি হারুন অর রশীদ হাওলাদার ও সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদশা। ভাইস চেয়ারম্যানদের প্রতিনিধি ছিলেন পাঁচজন।জানা গেছে, বৈঠকে প্রধানমন্ত্রী ১০টি মন্ত্রণালয়ের ১৩টি বিভাগের কার্যক্রম উপজেলা পরিষদে ন্যস্ত করার জন্য নির্বাহী আদেশ দিতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দেন। আগামী ডিসেম্বরের মধ্যে হস্তান্তরিত সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি, পদায়ন বেতন-ভাতা এসব চেয়ারম্যানদের অনুমোদন সাপেক্ষে করা হবে। এ ছাড়া উপজেলা পরিষদ আইন ২০১১ খুব দ্রুত পাস করা হবে বলে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন।নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বাসস জানিয়েছে, নরওয়ের রাষ্ট্রদূত র্যাগনে বার্টি লুন্ড গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, তাঁরা ব্যবসা, বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে নরওয়ে দূতের সঙ্গে গ্রামীণফোনের সিংহভাগ শেয়ারের মালিক টেলিনরের প্রেসিডেন্ট ও সিইও জন ফেবরিক গাকসাস উপস্থিত ছিলেন।