দাবি মেনে নেওয়ার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার
প্রশাসন পাঁচ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় গতকাল রোববার ধর্মঘট প্রত্যাহার করেছে বরিশাল বিভাগীয় ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ফলে টানা ৩৩ ঘণ্টা পর ট্রাক ও লরি চলাচল শুরু হয়েছে।বরিশাল বিভাগীয় ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল ছয়টা থেকে সংগঠনটি পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ট্রাক ধর্মঘটের ডাক দেয়। তাদের দাবিগুলো হচ্ছে: গড়িয়ার পাড়ে ট্রাক টার্মিনাল নির্মাণ, চালকদের সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স দেওয়া, ইলিশা-লাহারহাট-ভেদুরিয়া ফেরিঘাট পয়েন্টে অনিয়ম ও চাঁদাবাজি বন্ধ, ওজন মেশিন স্থাপন করে ওভারলোড বন্ধ এবং টার্মিনাল নির্মাণ না হওয়া পর্যন্ত সিটি করপোরেশন তাদের কাছ থেকে যে টোল আদায় করছে তা বন্ধ করা।জানা গেছে, গতকাল বেলা তিনটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সংগঠনটির পাঁচ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় জেলা প্রশাসন ও সিটি করপোরেশন। ওই আশ্বাসের পরই আটকে পড়া ট্রাক-লরি, কাভার্ড ভ্যানসহ অন্যান্য পণ্যবাহী যানবাহন চলাচল শুরু হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পলাশ কান্তি বালা জানান, বৈঠক চলাকালে সিটি মেয়র শওকত হোসেন মুঠোফোনে ট্রাক টার্মিনাল নির্মাণের আশ্বাস দেন। মন্ত্রণালয়ে একটি প্রকল্প দেওয়া হয়েছে। বরাদ্দ পাওয়ামাত্র ট্রাক টার্মিনাল নির্মাণকাজ শুরু হবে। অন্য দাবিগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় নেতারা ধর্মঘট প্রত্যাহার করতে রাজি হয়।ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ইমান আলী শরীফ জানান, জেলা প্রশাসন পাঁচ দফা দাবি মেনে নেওয়ায় তাঁরা ধর্মঘট প্রত্যাহার করেছেন।