দাবি মেনে মুক্ত হলেন রাজশাহীর উপাচার্য
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ন্যূনতম ‘৩৩ ক্রেডিট’ পদ্ধতি বাতিল করা হয়েছে। ২৪ ঘণ্টা নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর আজ রোববার বেলা দুইটার দিকে এই পদ্ধতি বাতিল ঘোষণা করে অবরোধমুক্ত হন উপাচার্য রফিকুল আলম বেগ।
অবরুদ্ধ অবস্থায় আজ বেলা সাড়ে ১০টা থেকে একাডেমিক কাউন্সিলের বৈঠকে বসেন উপাচার্যসহ শিক্ষার্থীরা। বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের ভালোর জন্য আমরা ৩৩ ক্রেডিট পদ্ধতি চালু করেছিলাম। কিন্তু শিক্ষার্থীদের অব্যাহত আন্দোলনের ফলে ৩৩ ক্রেডিট পদ্ধতি বাতিল করা হয়েছে। এ ছাড়া ১৪ ও ১৫ সিরিজের শিক্ষার্থীদের স্থগিতকৃত একাডেমিক কার্যক্রম পুনরায় চালু এবং টিনশেড হল শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।’
শিক্ষার্থীরা গতকাল শনিবার থেকে অবস্থান ধর্মঘট পালন করছিলেন। গতকাল বেলা দুইটা থেকে উপাচার্যকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। রাতভর তিনি অবরুদ্ধ ছিলেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে দুই সেমিস্টারে বাধ্যতামূলক ৪০ ক্রেডিটের মধ্যে ন্যূনতম ৩৩ ক্রেডিট অর্জন করতে হয়। অন্যথায়, তাঁকে পুনরায় সেই বর্ষেই থাকতে হবে। এর আগে নিয়ম ছিল, কোনো শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য বা অনুপস্থিতির কারণে ন্যূনতম ক্রেডিট অর্জন না করলেও পরবর্তী বর্ষে উত্তীর্ণ হতে পারত। সে ক্ষেত্রে পরবর্তী সময়ে তাঁকে পরীক্ষা দিয়ে ওই ক্রেডিট অর্জন করতে হতো। তবে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে এ নিয়মে পরিবর্তন আনা হয়।
এই ৩৩ ক্রেডিট পদ্ধতি বাতিলের দাবিতে গত ২৮ জানুয়ারি থেকে ক্লাস বর্জন করে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। টানা চার দিন আন্দোলনের পর ৩১ জানুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম স্থগিত করে কর্তৃপক্ষ। পরে ২ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে টিনশেড হলে অবস্থানরত আন্দোলনকারী ১৪ ও ১৫ সিরিজের শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন:
রাজশাহীতে উপাচার্য এখনো অবরুদ্ধ