দাবিদাওয়া আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে চা-শ্রমিকেরা মানবেতর জীবন যাপন করছেন। পুষ্টিহীনতায় তাঁরা কর্মক্ষমতা হারাচ্ছেন। এ অবস্থা চা-শিল্পের জন্য হুমকিস্বরূপ। তাই দাবিদাওয়া আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে।’ মৌলভীবাজারের জুড়ী উপজেলার রত্না চা-বাগানে গতকাল রোববার শ্রমিক সমাবেশে বক্তারা এ কথা বলেন। চা-শ্রমিক ফেডারেশনের জুড়ী ভ্যালি শাখা এ সমাবেশের আয়োজন করে। এতে ভ্যালির ১০টি চা-বাগানের শ্রমিক নারী-পুরুষেরা অংশ নেন। বিকেল চারটায় রত্না চা-বাগানের পূজামণ্ডপে চা-শ্রমিক নেতা রবিলাল কর্মকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক ছিলেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য সিরাজ উদ্দিন আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) মৌলভীবাজার জেলা কমিটির সদস্যসচিব মামুনুর রশীদ, বাসদের নেতা মুজাহিদ আহমদ, আতিয়াবাগ চা-বাগানের শ্রমিকনেতা কমলাকান্ত, রাজকির পবন চাষা, সাগরনালের সুখচান বংশী, সোনা-রুপার সুজিত পাল, এলাপুর ফাঁড়ির মণিলাল সাঁওতাল, রত্নার বিকাশ রুদ্রপাল প্রমুখ। সমাবেশটি সঞ্চালনা করেন অমিত রুদ্রপাল। সন্ধ্যা সাতটা পর্যন্ত সমাবেশ চলে। সভায় বক্তারা চা-শ্রমিকদের দৈনিক মজুরি ২০০ টাকা বৃদ্ধি, সাপ্তাহিক রেশনের চাল পাঁচ কেজি করা, শ্রমিকদের বসতভিটার মালিকানা প্রদান, সব চা-বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনসহ ফেডারেশনের সাত দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।