প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল শনিবার মৌলভীবাজার সফরে আসছেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে তৈরি হচ্ছে দাবির দীর্ঘ তালিকা। প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়েও বিভিন্ন পর্যায়ে ব্যাপক আলোচনা চলছে। দাবির তালিকায় আছে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালকে মেডিকেল কলেজ ও মৌলভীবাজার সরকারি কলেজকে গণবিশ্ববিদ্যালয় ঘোষণা এবং মৌলভীবাজারকে পর্যটন জেলায় উন্নীতকরণ, হাওর উন্নয়ন ইত্যাদি। প্রধানমন্ত্রী এদিন জেলা আওয়ামী লীগের জনসভায় বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সামনে রেখে স্থানীয় প্রশাসনের প্রায় সব বিভাগ ব্যস্ত সময় কাটাচ্ছে। শহরজুড়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা। প্রধানমন্ত্রীর এই আগমনে মৌলভীবাজারবাসীর মধ্যেও নানা প্রত্যাশা দানা বেঁধে উঠছে। মহাজোট আমলের প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়েও চলছে বিভিন্ন স্তরে কথাবার্তা। দাবি-দাওয়া নিয়েও কথা বলছেন অনেকেই। গত মঙ্গলবার মৌলভীবাজারে মহাজোটের শরিক দলগুলোর বৈঠকেও স্থানীয় মানুষের প্রত্যাশার বিষয়টি প্রতিফলিত হয়েছে। মৌলভীবাজার জেলা পরিষদে জেলা পরিষদের প্রশাসক ও জেলা মহাজোটের আহ্বায়ক আজিজুর রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন চিফ হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক নেছার আহমদ, গণতন্ত্রী পার্টির গোপেশ চন্দ্র দাশ, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন আহমদ, জেলা জাসদের সভাপতি আবদুল হকসহ মহাজোটের শরিক বিভিন্ন দলের নেতারা। জেলা জাসদের সভাপতি আবদুল হক মঙ্গলবারের বৈঠকের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘আমরা ২৫০ শয্যার হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করা এবং মৌলভীবাজার সরকারি কলেজকে গণবিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবি করব। এ ছাড়া হাওর-অধ্যুষিত মৌলভীবাজারে হাওর উন্নয়নের এবং মৌলভীবাজারের যেসব স্থানে স্বাধীনতাযুদ্ধের সময় গণহত্যা ও মুখোমুখি লড়াই হয়েছে, সেসব স্থানে সঞ্চৃতিসৌধ নির্মাণের দাবি জানানো হবে।’ মৌলভীবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে জেলা নাগরিক কমিটিও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি সঞ্চারকপত্রে বেশ কিছু দাবি-দাওয়া উত্থাপন করেছে। এই দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-নিলাম কেন্দ্র স্থাপন, জেলা সদরে স্থায়ী শ্রম আদালত স্থাপন, হাকালুকি-কাওয়াদীঘি-হাইল হাওরসহ জেলার সব হাওরের উন্নয়ন, মনু-কুশিয়ারাসহ নদীগুলো খনন, মৌলভীবাজার কৃষি গবেষণা ইনস্টিটিউটকে কৃষি কলেজ বা কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, মৌলভীবাজার জেলাকে পর্যটন জেলা ঘোষণা, ক্যাডেট কলেজ স্থাপন, মৌলভীবাজার চক্ষু হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নে বরাদ্দ প্রদান, অবিলম্বে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়ন ও এ অঞ্চলে রেল সংযোগ স্থাপনের উদ্যোগ গ্রহণ, সীমান্ত হাট স্থাপন, ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে বিশেষ প্রকল্প গ্রহণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আধুনিকায়ন, স্কুল-কলেজে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, চা-বাগান এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ইত্যাদি। প্রশাসনিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ওই দিন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল উদ্বোধন, উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজ ও শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের নবনির্মিত ভবন এবং আবহাওয়া কার্যালয়ের ভবন উদ্বোধন করবেন। এ ছাড়া, ওই দিন বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠের জনসভার পর মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, নবনির্মিত পলিটেকনিক ইনস্টিটিউট উদ্বোধন, জাতীয় মহিলা সংস্থার ভবন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন টেকনিকেল ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে।