দাবির মুখে বিয়ে অতঃপর নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেটি দৃষ্টিপ্রতিবন্ধী। আর মেয়েটি শারীরিক প্রতিবন্ধী। ছেলেটির বয়স ২৮, মেয়েটির ২৫। মেয়েটি হুইল চেয়ারে চলাফেরা করেন। ছেলেটির বাড়ি রাজশাহীর বাঘায় এবং মেয়েটির বাড়ি মোহনপুর উপজেলায়।
গতকাল বুধবার দুপুরে মেয়েটি হুইল চেয়ার নিয়ে ছেলেটির বাড়িতে গিয়ে হাজির হন। তাঁর দাবি, ওই ছেলের সঙ্গে তাঁর আট বছরের প্রেমের সম্পর্ক। ছেলেটি প্রথমে তাঁকে বিয়ে করতে রাজি হননি, পরে এলাকাবাসীর চাপে বিয়ে করেন। এরপর মেয়েটিকে বেদম প্রহার করা হয়। এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন।
স্থানীয় লোকজন জানান, দুপুর থেকে এলাকার কয়েক শ নারী-পুরুষ মেয়েটিকে একনজর দেখতে ছেলেটির বাড়িতে ভিড় করেন। মেয়েটি একটি ব্যাগ কোলের ওপর নিয়ে হুইল চেয়ারে বসে ছিলেন। তিনি ছিলেন অনড়। বিয়ে না করে ফিরে যাবেন না। বিকেলের দিকে এলাকার লোকজনের চাপে ছেলেটির পরিবার মেয়েটির সঙ্গে ছেলের বিয়েতে রাজি হয়। দুই লাখ টাকা দেনমোহরে তাঁদের বিয়ে হয়। সন্ধ্যায় প্রতিবেশীরা চলে যাওয়ার পর পরিবারের লোকজন মেয়েটিকে ঘরের ভেতরে নিয়ে বেদম প্রহার করেন।
খবর পেয়ে স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন।
ছেলেটির নাম সুজন আলী। যোগাযোগ করা হলে তিনি বলেন, একই প্রতিষ্ঠানে পড়াশোনা করতে গিয়ে তাঁদের মধ্যে বন্ধুত্ব হয়েছে, কিন্তু সেটা প্রেম নয়। তিনি বিয়ের প্রতিশ্রুতি দেননি।
শেষ খবর পাওয়া পর্যন্ত নির্যাতনের পর এলাকায় ঝড়বৃষ্টি শুরু হয়েছে। সরেরহাট গ্রামের বাসিন্দা বিচ্ছাদ আলী মুঠোফোনে প্রথম আলোকে জানান, মেয়েটিকে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় আটকে রয়েছেন।
মুঠোফোনে মেয়েটির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাঁকে তাঁর স্বামী সুজন, তাঁর বাবা-মা মিলে জুতা-সেন্ডেল দিয়ে মেরেছেন। একপর্যায়ে তিনি হুইলচেয়ার থেকে পড়ে গেলে তাঁকে উপর্যুপরি লাথি মেরেছেন। তিনি চিৎকার করলে এলাকার লোকজন এসে তাঁকে উদ্ধার করেন।