দাবির মুখে র্যাফল ড্র বন্ধ করলেন জেলা প্রশাসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে নড়াইলের জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ র‌্যাফল ড্রয়ের নামে অবৈধ জুয়া বন্ধ করে দিলেন। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজিয়েট হাইস্কুল (ভিসি) মাঠে মাসব্যাপী হস্ত ও বস্ত্রশিল্প মেলায় র‌্যাফল ড্রর অনুমতি দিয়েছিল জেলা প্রশাসন। ১৩ অক্টোবর থেকে এ মেলা শুরু হয়। ওই দিন থেকেই মেলায় চলছে র‍্যাফল ড্র।

সেই র‌্যাফল ড্র বন্ধের দাবিতে আজ রোববার সকালে সচেতন নাগরিক সমাজের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও এবং অবস্থান কর্মসূচি নেয়। জেলা প্রশাসক জনতার দাবির প্রতি সম্মান জানিয়ে এ খেলা বন্ধের ঘোষণা দেন। নানা শ্রেণিপেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, এই লটারির নামে গরিব মানুষের পকেট কাটা হচ্ছে। চুরি-ছিনতাই ও মাদকের ব্যবহার বাড়ছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। এ লটারি বন্ধ করতে হবে।
ঘেরাও কর্মসূচির সময় জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ তাঁর কার্যালয়ের কক্ষ থেকে বেরিয়ে আসেন। তিনি জনতার সামনে মাইকে লটারির নামে জুয়া খেলা বন্ধের ঘোষণা দেন। তিনি পরে প্রথম আলোকে বলেন, ‘উচ্চ মহলের নির্দেশে র‍্যাফল ড্র চালানোর অনুমতি দিয়েছিলাম। তবে সাধারণ মানুষের দাবির পরিপ্রেক্ষিতে তা বন্ধ করে দিলাম।’
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সদর উপজেলার সাবেক চেয়ারম্যান শরীফ হুমায়ূন কবির, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিক আহম্মেদ, সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার এস এ মতিন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।