দাম কম, খেতেই করলা ফেলে রাখছেন কৃষক
এমনিতেই বাজারে করলার দাম কম, তার ওপর যোগ হয়েছে বিভিন্ন সময়ে পরিবহন ধর্মঘট ও হরতাল। এসব কারণে পাইকারেরা বাজারে আসতে না পারায় করলার দাম আরও পড়ে গেছে। বাজারে বিক্রির জন্য করলা এনে পরিবহন খরচ তুলতে না পেরে এখন খেতেই ফেলে রেখেছেন ঠাকুরগাঁওয়ের কৃষকেরা। গত বুধবার সদর উপজেলার পূর্ব পারপুগী ও নারগুন গ্রামে গিয়ে দেখা গেছে, সড়কের দুই পাশে করলার বিস্তীর্ণ খেত। খেতের মাচায় ঝুলছে নানা আকারের করলা। অধিকাংশ মাচায় অনেক করলা পেকে লাল-হলুদ রং ধারণ করেছে। কৃষকেরা জানান, এ বছর করলার দাম একেবারেই কম। বাজারে বিক্রির জন্য নিয়ে গেলে পরিবহন খরচই তোলা দুষ্কর হয়ে পড়ছে। লোকসানের কথা ভেবে কৃষকেরা তাই খেতেই করলা ফেলে রাখা ঠিক মনে করছেন। তাঁরা আরও জানান, এখানকার আড়ত থেকে দেশের বড় বড় শহরের পাইকারি ক্রেতারা সবজি কিনে নিয়ে যান। সম্প্রতি এখানে সপ্তাহ ধরে টানা পরিবহন ধর্মঘট, এরপর আবার হরতালের কারণে বাজারে পাইকার নেই। স্থানীয় পাইকারেরাও পচে যাওয়ার আশঙ্কায় পণ্য কিনছেন না। গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে ঠাকুরগাঁও শহরের সবজি আড়তে গিয়ে দেখা যায়, সবজিচাষিরা রিকশা-ভ্যানে করে করলাসহ নানা সবজি নিয়ে আসছেন। একই আড়তে দুপুর ১২টার দিকে গিয়ে দেখা গেছে, সকালে আনা করলার স্তূপ পড়ে আছে। চাষিরা সেই স্তূপ থেকে পেকে যাওয়া করলা পাশে সারিয়ে রাখছেন। করলা বিক্রি করতে আসা সদর উপজেলার নারগুন গ্রামের মানিক হোসেন বলেন, ‘ধর্মঘটের আগে করলা বেচছি ৪০ টাকা পাল্লা (পাঁচ কেজিতে এক পাল্লা)। আইজ করলা কিনিবার কাহ নাই। উপায় না দেখিয়া আড়তদারক ধরিয়া ৫০০ টাকায় ১০ মণ করলা বিকানু।’ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের উপপরিচালক বেলায়েত হোসেন বলেন, ঘন ঘন পরিবহন ধর্মঘট ও হরতালের কারণে পাইকারেরা সবজি জেলার বাইরে পাঠাতে পারছেন না। ফলে জেলার সবজিচাষিরা সবজি বিক্রি করতে পারছেন না। অনেক কৃষক সময়মতো সবজি বিক্রি করতে না পেরে খেতেই ফেলে রেখেছেন।