দাম কম, বিপাকে সবজিচাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় কৃষকেরা সবজির ন্যায্যমূল্য পাচ্ছেন না। কারণ, পাইকারি ও খুচরা বাজারে কেজিপ্রতি সবজির দামের পার্থক্য ১০-১২ টাকারও বেশি। এ কারণে সবজির চাষ করে উৎপাদন খরচ না ওঠায় চাষিরা বিপাকে পড়েছেন।শনিবার বদরগঞ্জ পৌরসভার সবজির পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বেগুন দুই-তিন টাকা, মুলা চার-পাঁচ, পটোল পাঁচ, করলা এক-দুই টাকায় বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে প্রতি কেজি বেগুন আট-১০ টাকা, মুলা ও পটোল ১০-১২ ও করলা ১৫-২০ টাকায় বিক্রি করা হচ্ছে। উপজেলার ডাংগীপাড়া গ্রামের চাষি হরেন্দ্র রায় জানান, তিনি ২০ কেজি পটোল বাজারে এনে ৭৫ টাকা বিক্রি করেছেন। কুতুবপুর গ্রামের মোকলেছ আলী জানান, এক বস্তা করলা (৬০ কেজি) এনেছেন ৬৫ টাকায়। এতে প্রতি কেজির দাম পড়ে প্রায় এক টাকার কিছু বেশি। অথচ এই করলা খুচরা বাজারে প্রতি কেজি ১৫-২০ টাকা বিক্রি হচ্ছে। বিষ্ণুপুর চৌধুরীপাড়া গ্রামের রফিকুল ইসলাম জানান, তিনি প্রতি মণ মুলা ১৪০ টাকায় বিক্রি করেছেন। অথচ খুচরা বাজারে তা প্রতি কেজি ১০-১২ টাকায় বিক্রি হচ্ছে ।জানা গেছে, সবজির চাষ করে দাম না পাওয়ায় এলাকার কৃষকেরা এবার অসহায় হয়ে পড়েছেন। অথচ খুচরা বাজারে এই সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কম দামে কৃষকের কাছ থেকে সবজি কিনছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বদরগঞ্জ পৌর বাজারের কাঁচামাল ব্যবসায়ী সফিকুল ইসলাম বলেন, ‘আপনারা হিসাব করেন একটা, আমরা করি আরেকটা। কৃষকেরা পচা-ভালো মিলায়ে সবজি বাজারে নিয়া আসে। এগুলো একদিন বিক্রি না হলে পরদিন পচতে শুরু করে। এ ছাড়া প্রতি মণে ঘাটতি হয় তিনি-চরি কেজি। তাই কম দামে কিনে একটু বেশি দামে বিক্রি করতে হয়।’বদরগঞ্জ উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, বাজারে দাম পড়ে যাওয়ায় এবার সবজিচাষিরা লোকসান গুনছেন।