দাম কম, হিমাগারে পড়ে আছে আলু
ভালো দাম পাওয়ার আশায় হিমাগারে আলু রেখে বিপাকে পড়েছেন রাজশাহীর বাগমারার আলুচাষি ও ব্যবসায়ীরা। আশানুরূপ দামে বিক্রি করতে না পারায় হিমাগারে পড়ে আছে হাজার হাজার বস্তা আলু।সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চাহিদা কম এবং কাঙ্ক্ষিত দাম না থাকায় চাষি ও ব্যবসায়ীরা হিমাগার থেকে আলু তুলছেন না। সাধারণত, বছরের এ সময়ে আলুর ভালো দাম থাকায় হিমাগারগুলো প্রায় খালি হয়ে যায়। তবে এ বছরের চিত্র উল্টো।উপজেলা কৃষি কর্মকর্তা সামস ই তাবরিজ বলেন, উপজেলায় এ বছর ২৩ লাখ দুই হাজার ২০০ মেট্রিক টন আলু উ ৎ পাদিত হয়েছে। উপজেলার পাঁচটি হিমাগারের মোট ধারণক্ষমতা ৪০ হাজার ৫০০ মেট্রিক টন। বাম্পার ফলন হওয়ায় হিমাগারে জায়গা না পেয়ে অনেক কৃষক বাড়িতে আলু সংরক্ষণ করেছেন। সেই আলু এখন তাঁরা বিক্রি করছেন। বাজারে সরবরাহ বেশি থাকায় তাঁরা দামও ভালো পাচ্ছেন না। এ কারণে কৃষক ও ব্যবসায়ীরা হিমাগার থেকে আলু তুলছেন না। সংশ্লিষ্ট সূত্র জানায়, হিমাগারে জায়গা না পেয়ে বিপুলসংখ্যক চাষি মৌসুমের শুরুতেই কম দামে আলু বিক্রি করতে বাধ্য হয়েছেন।সম্প্রতি সরেজমিনে ঘুরে হিমাগারগুলোতে বিপুল পরিমাণ আলু দেখা গেছে। বিভিন্ন হিমাগার কর্তৃপক্ষের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত বছরগুলোতে এ সময়ে হিমাগারের মজুদ আলুর অর্ধেকের বেশি বিক্রি হয়ে যায়। উপজেলার চানপাড়ার এম হোসেন কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক তরিকুল ইসলাম বলেন, তাঁর হিমাগারে এবার এক লাখ ১০ হাজার বস্তা (প্রতি বস্তায় ৮৫ কেজি) আলু সংরক্ষণ করা হয়েছে। গতকাল রোববার পর্যন্ত ১৫ হাজার বস্তা বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় অনেক কম। দেউলায় অবস্থিত নাটোর কোল্ড স্টোরেজের মহাব্যবস্থাপক খায়রুল বাসার বলেন, তাঁর হিমাগারে এবার এক লাখ ৩০ হাজার বস্তা আলু সংরক্ষণ করা হয়েছে। গতকাল পর্যন্ত মাত্র ২৪ হাজার বস্তা আলু বিক্রি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অন্য হিমাগারগুলোতেও একই অবস্থা।আলুর চাষি ও ব্যবসায়ীরা জানান, এবার হিমাগার ভাড়াসহ প্রতি বস্তা ডায়মন্ড জাতের আলু রাখতে তাঁদের খরচ হয়েছে এক হাজার ৫০ টাকা। বর্তমানে তা বিক্রি হচ্ছে ৯৩০ টাকায়। এ ছাড়া দেশি বিভিন্ন জাতের আলুর দাম পড়েছে এক হাজার ২০০ টাকা, যা বর্তমানে এক হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।যশোরের আলু ব্যবসায়ী মোকলেছুর রহমান বলেন, এ বছর তাঁরা এলাকার হাটবাজার থেকেই চাহিদামতো আলু কিনছেন। কম দামে ও সহজে হাটবাজারে আলু পাওয়ায় তাঁরা আর হিমাগারে ছুটছেন না।