খাদ্য বিভাগের সঙ্গে চাল সরবরাহের চুক্তি করেও দাম কম বলে সরকারি খাদ্যগুদামে চাল দেননি চালকলের মালিকেরা। ফলে বোরোর ক্ষেত্রে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে এক লাখ ২৯ হাজার টন কম চাল সংগ্রহ হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বোরো ও আমনে চুক্তি করার পরও নির্দিষ্ট সময়ে সরকারি গুদামে চাল দিতে না পারায় প্রায় আড়াই হাজার চালকলমালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে খাদ্য বিভাগ। চালের বদলে তুষ ও ইট দিয়ে সরবরাহ করায় ১০ জন চালকলমালিকের লাইসেন্স বাতিল করা হয়েছে। বাজারদরের চেয়ে সরকারি সংগ্রহমূল্য কম হওয়া এর কারণ।
খাদ্য বিভাগ বোরো মৌসুমে ১০ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে সংগ্রহ শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত সংগ্রহ করে আট লাখ ৩১ হাজার টন চাল। গত বছরের ১ ডিসেম্বর চার লাখ টন আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করে খাদ্য বিভাগ। এ পর্যন্ত তিন লাখ ৩৪ হাজার টন চাল সংগৃহীত হয়েছে।
খাদ্য বিভাগের মহাপরিচালক আহমদ হোসেন খান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘যেসব চালকলমালিক চুক্তি করেও চাল দেননি, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি। দুই হাজার চালকলমালিককে দুই বছরের জন্য কালো তালিকাভুক্ত করেছি।’
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, বর্তমানে বাজারে প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে ৩৪ থেকে ৩৬ টাকায়। আর হাটবাজারে ওই চাল ৩২ থেকে ৩৩ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু সরকার প্রতি কেজি চাল সংগ্রহ করছে ৩১ টাকায়। অবশ্য সরকার যখন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, তখন প্রতি কেজি চাল ২৮ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছিল।