দাম কম হওয়ায় আমন নিয়েও হতাশ কৃষক
আমনের বাজারদর কম হওয়ায় বিপাকে পড়েছেন ঠাকুরগাঁওয়ের কৃষকেরা। চলতি মৌসুমে স্বাভাবিক বৃষ্টি না হওয়ায় অতিরিক্ত অর্থ খরচ করে আমন খেতে সেচ দিতে হয়েছে কৃষকদের। এতে তাঁদের উৎপাদন খরচ বেড়ে যায়। কিন্তু উৎপাদন খরচের তুলনায় আমনের বাজারদর কম হওয়ায় হতাশ হয়ে পড়েছেন কৃষকেরা। কৃষকেরা জানান, এবার বোরো মৌসুমে তাঁরা ধানের দাম অনেক কম পেয়েছেন। তার ওপর পাল্লা দিয়ে বেড়েছে কৃষি যন্ত্রপাতি, কীটনাশক ও সারের দাম। বেড়েছে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম। এ বছর বৃষ্টিনির্ভর আমন মৌসুমে স্বাভাবিক বৃষ্টি হয়নি। তাই নিরুপায় হয়ে কৃষকেরা সেচযন্ত্র ব্যবহার করতে বাধ্য হন। ফলে অন্যান্য মৌসুমের তুলনায় চলতি আমন মৌসুমে তাঁদের উৎপাদন খরচ বিঘাপ্রতি আড়াই থেকে তিন হাজার টাকা বেড়ে যায়। কিন্তু বর্তমানে জেলার হাট-বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে মাত্র ৪৮০ থেকে ৫০০ টাকা দরে। যা উৎপাদন খরচের চেয়ে অনেক কম। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় এক লাখ ২৫ হাজার ৯৩৭ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে এক লাখ ২৮ হাজার ৭৯৫ হেক্টর জমিতে।সরকারি হিসাব অনুযায়ী এক একর জমিতে আমন উৎপাদনে খরচ হয় ৪৭ হাজার টাকা। প্রতি একরে সর্বোচ্চ তিন হাজার কেজি ধান উৎপাদন হলে প্রতি কেজিতে খরচ হয় ১৫ টাকা ৬০ পয়সা। সে হিসাবে প্রতি মণ (৪০ কেজি) ধানে খরচ হয় ৬২৭ টাকা। বর্তমানে বাজারে প্রতি মণ আমন ধান বিক্রি হচ্ছে ৪৮০ থেকে ৫০০ টাকা দরে। সদর উপজেলার বৈকুণ্ঠপুরের কৃষক হেকমত আলী বলেন, তিনি তিন বিঘা জমিতে এবার আমন চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে সাধারণত এক বিঘা জমিতে আমন আবাদ করতে কমপক্ষে ছয় হাজার টাকা খরচ হয়। এ বছর স্বাভাবিক বৃষ্টি না হওয়ায় সেচ দিতে গিয়ে তাঁকে অতিরিক্ত আরও আড়াই হাজার টাকা খরচ করতে হয়েছে। প্রতি বিঘায় গড়ে ধান হয়েছে ১৫ মণ। সেই ধান বর্তমান বাজারদরে বিক্রি করলে সাত হাজার ৫০০ টাকা পাওয়া যাবে। নিজের মজুরির খরচের হিসাব করলে তাঁর হাতে কিছুই থাকে না। একই উপজেলার মাটিগাড়া গ্রামের কৃষক গোবিন্দ বর্মণ বলেন, এবার ভুট্টার চাষ করে ব্যাপক ফলন পেয়েছিলেন তিনি। ভুট্টা বাজারে বিক্রি করে মেয়ের বিয়ের খরচ চলে যাবে, এই আশায় বরপক্ষকে তিনি পাকা কথা দেন। কিন্তু ভুট্টা বিক্রি করে তেমন লাভ পাননি তিনি। পরে ঋণ নিয়ে তিনি বোরো চাষ করেন। ওই ধান বিক্রি করেও তিনি উৎপাদন খরচ তুলতে পারেননি। ভেবেছিলেন আমনের আবাদ করে পুষিয়ে নেবেন। এখন ধানের দাম দেখে তিনি হতাশ। জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকার বলেন, প্রান্তিক কৃষকেরা মৌসুমের শুরুতেই ধান বিক্রি করে দেন। এ সুযোগে ফড়িয়ারা কম দামে ধান কিনে মজুদ করে লাভবান হয়। সরকার যদি মৌসুমের শুরুতেই ধান-চাল সংগ্রহ অভিযানে নামত, তা হলে কৃষকেরা কিছুটা লাভ পেতেন। ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বেলায়েত হোসেন বলেন, কৃষক তাঁর উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য না পেয়ে ফসল উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলছেন। এতে দেশের খাদ্যনিরাপত্তার ওপর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।