দাম কম হওয়ায় হতাশ চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এবার আদার ফলন ভালো হয়েছে। তবে দাম কম হওয়ায় লোকসানে পড়েছেন চাষিরা। আদা বিক্রি করে খরচের টাকা তুলতে না পারায় তাঁরা হতাশ হয়ে পড়েছেন। উপর্যুপরি তিন বছর ধরে আদার ফলন ভালো হলেও দাম না পাওয়ায় অনেক চাষি আদার চাষই ছেড়ে দেওয়ার কথা জানান। চাষিরা জানান, থেমে থেমে বৃষ্টি আর পর্যাপ্ত সার প্রয়োগের কারণে এবার আদার বাম্পার ফলন হয়েছে। কিন্তু দাম খুবই কম। ফলে আদা বিক্রি করে অনেক চাষি খরচের অর্ধেক টাকা হাতে পেয়েছেন।রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী এলাকার আদাচাষি খায়রুল আলম (৪২) বলেন, ‘প্রতি কেজি আদা বীজ ২০০ টাকা দামে ক্রয় করে বপন করেছি। বেশি দামে কিনতে হয়েছে সার ও কীটনাশক। বেড়েছে শ্রমিকের মজুরিও। সব মিলিয়ে দুই একর জমিতে আদার চাষ করতে গিয়ে খরচ হয়েছে ছয় লাখ টাকা। এতে উৎপাদিত আদা বিক্রি হয়েছে দুই লাখ ৩৭ হাজার টাকা।’ এভাবে তিন বছর ধরে উপর্যুপরি লোকসানের কারণে আদার চাষ না করার চিন্তাভাবনা করছেন বলে জানান তিনি। রাঙ্গুনিয়া উপজেলা সদর রোয়াজার হাটের আদা ব্যবসায়ী আহমদ ছৈয়দ (৫৫) বলেন, রাঙ্গুনিয়ায় এবার আদার বাম্পার ফলন হয়েছে। তবে বিদেশি আদা বাজারে আসায় দেশি আদার দামও কমে গেছে। এতে লোকসানে পড়ছেন চাষিরা। উপজেলা কৃষি কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় এবার প্রায় পাঁচ হাজার ৬০০ একরেরও বেশি জমিতে আদার চাষ হয়েছে। যে দামে আদা বিক্রি হচ্ছে তাতে চাষিদের লোকসানের মুখে পড়ার আশঙ্কা রয়েছে। তবে উৎপাদন বেশি হওয়ায় লোকসান নাও হতে পারে বলে মত প্রকাশ করেন তিনি।