দাম কমছে পোশাকের দোকানগুলোতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মিমি সুপার মার্কেটের ইয়াং লেডি দোকানে ‘সারারা লেহেঙ্গা’ নামের মেয়েদের পোশাকের দাম তিন দিনের ব্যবধানে কমেছে ১২ হাজার ৫০০ টাকা। গত বৃহস্পতিবার যে পোশাক ১৯ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছিল, গতকাল রোববার তার দাম ছিল সাত হাজার টাকা। অভিযানের মুখে দোকানমালিক দাম কমাতে বাধ্য হয়েছেন বলে জানালেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
গত বৃহস্পতিবার নগরের প্রবর্তক মোড়ের এই বিপণিবিতানের ইয়াং লেডিতে ঈদের কেনাকাটায় মেয়েদের সাত হাজার টাকার পোশাক প্রায় তিন গুণ দামে বিক্রির প্রমাণ পান আদালত। ওই দিন দোকানমালিককে সতর্ক এবং ‘সহনীয়’ লাভ করে পোশাক বিক্রির নির্দেশ দেন।
গতকাল বেলা দুইটার দিকে মিমি সুপার মার্কেটে অভিযানের শুরুতেই ইয়াং লেডি দোকানে প্রবেশ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান। তিনি দোকানের বিক্রয় নিবন্ধন খাতা ও ক্রয়-বিক্রয় রসিদ পরীক্ষা করে এবং ক্রেতাদের সঙ্গে কথা বলে আগের তুলনায় কম লাভে পোশাক বিক্রির সত্যতা পান। এ সময় দোকানমালিক মোহাম্মদ নুরুচ্ছাফা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলেন, ‘স্যার, যা ভুল করার করে ফেলেছি। সংশোধন হয়ে গেছি। এখন কেনা দামের চেয়ে মাত্র দুই-তিন শ টাকা লাভে পোশাক বিক্রি করছি।’
গতকাল নগরের টেরিবাজার ও মিমি সুপার মার্কেটে অভিযান চালান জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে আদালত দেখতে পান, টেরিবাজারের স্টার প্লাস শপিং মলে একটি লেহেঙ্গা বিক্রি হচ্ছিল ১১ হাজার ৮৬০ টাকায়। শপিং মলের ব্যবস্থাপক মোশাররফ হোসেন ভ্রাম্যমাণ আদালতকে জানান, সব মিলিয়ে এই পোশাক কিনতে তাঁদের খরচ হয়েছে পাঁচ হাজার ৩৭০ টাকা। একটি পোশাকেই ছয় হাজার ৪৯০ টাকা মুনাফা করার চেষ্টা করায় এ শপিং মলকে ১ লাখ টাকা জরিমানা করেন আদালত। অতিরিক্ত মুনাফায় পোশাক বিক্রি করায় গত বুধবার এ দোকানকে সতর্ক করা হয়েছিল। এ ছাড়া ১৫ হাজার ৯০০ টাকার একটি লেহেঙ্গা ৩৫ হাজার ৫০০ টাকায় বিক্রি করায় মিমি সুপার মার্কেটের আকর্ষণকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদীনকে তাঁর দোকানের (আঁচল) শাড়ি কেনাবেচার প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের নির্দেশ দেন আদালত। প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে পারায় টেরিবাজারের বৈঠক বাজারকে ধন্যবাদ জানান আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান সাংবাদিকদের বলেন, গত বুধ ও বৃহস্পতিবার অভিযান চালিয়ে নগরের বিভিন্ন বিপণিবিতানের ব্যবসায়ীদের অতিরিক্ত দামে পোশাক বিক্রির ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছিল। টানা অভিযানের কারণে অনেক দোকানমালিক সহনীয় দামে পোশাক বিক্রি করছেন। কিন্তু অতিরিক্ত মুনাফা করায় দুই দোকানমালিককে জরিমানা করা হয়েছে। তিনি জানান, ঈদের কেনাকাটায় অতিরিক্ত মুনাফা রোধে নগরের ৩০টি বিপণিবিতান ও ১০টি বড় শপিং হাউসে এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে মূল্যতালিকা প্রদর্শন না করায় নগরের ফইল্ল্যাতলি বাজারের একটি দোকানকে পাঁচ হাজার টাকা এবং স্টিল মিল বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পোড়া তেলে ইফতার তৈরি করায় মুন বেকারিকে ৩০ হাজার টাকা এবং অতিরিক্ত মুনাফায় পণ্য বিক্রি করায় দুটি দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রাহমান ও ফোরকান এলাহী।