নওগাঁর নিয়ামতপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের কৃষক ফিরোজ হোসেন গতকাল সোমবার সকালে স্থানীয় ছাতড়া বাজারে ধান নিয়ে গিয়েছিলেন বিক্রি করতে। তিনি জানান, আগের দিন খবর নিয়ে তিনি জেনেছিলেন মোটা ধানের মণপ্রতি দর ১ হাজার ৬০ টাকার মতো। পরদিন অর্থাৎ গতকাল সকালে বাজারে গিয়ে দেখেন এক দিনেই দাম কমেছে মণে প্রায় ১০০ টাকা।
ফিরোজ হোসেন ৫০ মণ ধান নিয়ে হাটে গিয়েছিলেন। প্রতি মণে ১০০ টাকা হিসেবে তিনি কম পেয়েছেন পাঁচ হাজার টাকা। তাই তাঁর মুখ মলিন, মন খারাপ।
বেসরকারি খাতে আমদানি বাড়াতে খাদ্য মন্ত্রণালয় চাল আমদানির শুল্ক কমানোর ঘোষণা দেওয়ার পরদিন এই ছিল ধানের বাজারের চিত্র। কিন্তু যে উদ্দেশ্যে চাল আমদানি, সেই চালের বাজারে কোনো প্রভাব পড়েনি। মিলগুলো আগের মতো চড়া দামেই চাল বিক্রি করছে।
ঢাকার বাজারে গতকাল আগের দিনের মতোই মোটা গুটি ও স্বর্ণা চাল কেজিপ্রতি ৪৮ থেকে ৫০ টাকা, মাঝারি চাল ৫৩ থেকে ৫৮ টাকা ও সরু চাল ৬০ থেকে ৬৫ টাকা কেজিতে বিক্রি
হয়। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবও বলছে, চালের বাজারে কোনো হেরফের হয়নি। মোটা চালের দাম গত বছরের একই সময়ের তুলনায় এখন ৪৮ শতাংশ বেশি। দেশের প্রধান চাল সরবরাহকারী জেলা কুষ্টিয়া ও নওগাঁয় মিল পর্যায়েও দাম কমেনি বলে জানা যায়।
বাজারে দাম বেড়ে যাওয়া এবং সরকারের গুদামে মজুত গত বছরের তুলনায় অর্ধেকে (প্রায় সাড়ে পাঁচ লাখ টন) নেমে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত রোববার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার চাল আমদানির মোট করভার ৬২ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণের কথা জানান। যদিও কী শর্তে চাল আমদানির শুল্ক কমানো হলো, তা এখনো জানা যায়নি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শুল্ক কমানোর বিষয়ে গত রাত পর্যন্ত প্রজ্ঞাপন জারি করেনি। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছিল, চাল আমদানির জন্য আগে আবেদন করতে হবে। অনুমতি সাপেক্ষে আমদানির সুযোগ পাবেন ব্যবসায়ীরা।
দেশে খাদ্যের উৎপাদন ও ভোগ নিয়ে তথ্যের মধ্যে যথেষ্ট ঘাটতিও রয়েছে। তাই সরকার এবার সব সংস্থার তথ্যকে সমন্বয় করে একটি একক তথ্যভান্ডার তৈরিতে গুরুত্ব দেবে।
এদিকে আমদানির শুল্ক কমানোর ঘোষণার পর নওগাঁ, দিনাজপুর, বগুড়া ও রংপুরে প্রধান হাটগুলোতে মিলমালিকেরা ধান কেনা কমিয়ে দিয়েছেন। ফলে ধানের দাম জাতভেদে মণপ্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমে গেছে। যেমন নওগাঁর বড় ধানের মোকাম নিয়ামতপুর উপজেলার ছাতড়া ও মান্দা উপজেলার সতিহাট বাজারে মোটা জাতের স্বর্ণা-৫ ধান বিক্রি হয় মণপ্রতি ১ হাজার ৫০ থেকে ১ হাজার ৬০ টাকা দরে। আগের দিন একই ধানের দাম মণপ্রতি ১০০ টাকার মতো বেশি ছিল। একইভাবে মোটা জাতের গুটি জাতের ধানের দামও একই হারে মতো কমে ১ হাজার ৩০ থেকে ১ হাজার ৪০ টাকায় দাঁড়ায়।
চালকলের মালিকেরা ধান কেনা কমিয়ে দিয়েছেন কেন, জানতে চাইলে মালিকদের কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ অটো, মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আবদুর রশীদ প্রথম আলোকে বলেন, ২০১৭ সালের মতো যদি অনেক বেশি চাল আমদানি হয়, তাহলে ধান-চালের দাম অনেক কমবে। ফলে অনেক চালকলের মালিক ধান কিনতে ভয় পাচ্ছেন। আর সরকার চালকলগুলোতে ধান মজুতের সীমা কমিয়ে দিয়েছে। এতে অনেকে ধান কেনা কমিয়েছে। চালের দামে কেন প্রভাব পড়েনি, জানতে চাইলে তিনি বলেন, এত দিন যে দামে ধান কেনা হয়েছে, সে অনুযায়ী চাল বিক্রি হচ্ছে।
চাল নিয়ে খাদ্য মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসন চলতি বছর যে পদক্ষেপগুলো নিয়েছিল, তার একটিও বিশেষ কোনো কাজে আসেনি। গত মে মাসের শুরুতে খাদ্য মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল যে চালকলের মালিকেরা অতিরিক্ত ধান-চাল মজুত করছেন। তারা কিছু চালকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অভিযানও চালিয়েছে। তাতে দাম না কমেনি। উল্টো কয়েক দিন পরে বেড়েছে। গত অক্টোবরে সরকার চালের মিলগেট দরও বেঁধে দিয়েছিল। এরপরও চালের দাম বেড়েছে।
নওগাঁর বড় ধানের মোকাম নিয়ামতপুর উপজেলার ছাতড়া ও মান্দা উপজেলার সতিহাট বাজারে মোটা জাতের স্বর্ণা-৫ ধান বিক্রি হয় মণপ্রতি ১ হাজার ৫০ থেকে ১ হাজার ৬০ টাকা দরে। আগের দিন একই ধানের দাম মণপ্রতি ১০০ টাকার মতো বেশি ছিল। একইভাবে মোটা জাতের গুটি জাতের ধানের দামও একই হারে মতো কমে ১ হাজার ৩০ থেকে ১ হাজার ৪০ টাকায় দাঁড়ায়।
যদিও কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে বলা হয়েছে, এবার আমনে ১০ লাখ টন চাল কম উৎপাদিত হয়েছে। তবে আগামী জুন পর্যন্ত চাল উদ্বৃত্ত থাকবে ৩০ লাখ টন। খাদ্য মন্ত্রণালয় অবশ্য আমদানির পক্ষে। সরকারও সেদিকেই হেঁটেছে।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ধানের দাম কমলে চালের দামও কমানো উচিত। এত দিন তাঁরা চাল বিক্রি করে অতিরিক্ত মুনাফা করেছেন। এখনো যদি তাঁরা চালের দাম না কমান, তাহলে সরকার এ ব্যাপারে কঠোর হবে। এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী উল্লেখ করেন, দেশে খাদ্যের উৎপাদন ও ভোগ নিয়ে তথ্যের মধ্যে যথেষ্ট ঘাটতিও রয়েছে। তাই সরকার এবার সব সংস্থার তথ্যকে সমন্বয় করে একটি একক তথ্যভান্ডার তৈরিতে গুরুত্ব দেবে।
‘সামগ্রিক মূল্যায়ন দরকার’
খাদ্য মন্ত্রণালয় আশা করছে, এবার শুল্ক কমানোর পর দ্রুত আমদানির চাল দেশের বাজারে আসতে শুরু করবে। মূলত ভারত থেকে ওই চাল আসতে পারে। তখন চালের দাম কমবে। যাঁরা এত দিন ধান-চাল মজুত করে রেখেছিলেন, তাঁরাও বাজারে তা ছেড়ে দেবেন। ভারত থেকে আমদানিতে প্রতি কেজি চালের দাম ৩৩ থেকে ৩৫ টাকা পড়বে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক কে এ এস মুরশিদ প্রথম আলোকে বলেন, সরকার আমদানি শুরু করে দিয়েছে, শুল্ক কমিয়েছে—এটা ঠিকই আছে। কিন্তু একই সঙ্গে দেশের ধান-চালের উৎপাদন-ভোগ ও বাজার পরিস্থিতির দ্রুত একটি সামগ্রিক মূল্যায়ন হওয়া দরকার।