চিনি ও সয়াবিন তেলের দাম কমাতে এই দুটি নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি এ জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।জাতীয় সংসদ ভবনে গতকাল রোববার বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ কথা বলা হয়। কমিটির সভাপতি এ বি এম আবুল কাসেমের সভাপতিত্বে সভায় বাণিজ্যমন্ত্রী ফারুক খান, আবুল কাশেম, রুমানা মাহমুদ, জয়নাল আবেদীন ও শেখ আফিল উদ্দিন অংশ নেন।সভাসংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় বাজারের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। সভায় জানানো হয়, বর্তমানে দেশে দুই লাখ টন চিনি মজুদ রয়েছে। আরও তিন লাখ টন চিনি গুদামজাতের অপেক্ষায় রয়েছে। সভায় বাজার তদারক কার্যক্রম কেবল রমজান মাসে বলবৎ না রেখে সারা বছর অব্যাহত রাখার সুপারিশ করা হয়।সভায় ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরকালে ৪৬টি বাংলাদেশি পণ্যের ভারতের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।সভায় বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) সম্পর্কিত আইন জাতীয় সংসদের আগামী অধিবেশনে পাস করা হবে।বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব গোলাম হোসেনসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।সভা শেষে কমিটির সভাপতি আবুল কাসেম সাংবাদিকদের বলেন, চিনি ও সয়াবিন তেলের বাজারদর কমাতে এই দুটি পণ্য থেকে ৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক-ভ্যাট) প্রত্যাহার করতে বলা হয়েছে। তিনি বলেন, মন্ত্রণালয় প্রতিটি বাজারে মূল্যতালিকা টানানোর যে নির্দেশনা দিয়েছিল, তা অনেক অসাধু ব্যবসায়ী মানেননি। এটি সত্য যে কিছু ব্যবসায়ী দাম বেশি হেঁকেছিলেন।