দাম কমার কথা, উল্টো বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ লিটারের বোতলের দাম হওয়া উচিত ৪৩৩ টাকা। কিন্তু বাজারে দাম ৪৬৫ থেকে ৪৮০ টাকা
পাঁচ লিটারের বোতলের দাম হওয়া উচিত ৪৩৩ টাকা। কিন্তু বাজারে দাম ৪৬৫ থেকে ৪৮০ টাকা

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের যে দাম হওয়া উচিত, তার চেয়ে বেশ খানিকটা বেশি দামে বিক্রি করছে বিপণনকারী কোম্পানিগুলো। বাংলাদেশ ট্যারিফ কমিশনের এক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিগুলো চাইলে তেলের দাম লিটারে ১০ টাকা পর্যন্ত কমাতে পারে।
কিন্তু ঘটছে উল্টো ঘটনা। বিপণনকারী কোম্পানিগুলো দাম না কমিয়ে বরং বাড়াচ্ছে। গত মাসের শেষ সপ্তাহে সবাই মিলে তারা বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে দুই টাকা বাড়িয়েছিল। সম্প্রতি কয়েকটি কোম্পানি আরেক দফায় লিটারপ্রতি এক টাকা বাড়িয়েছে। অন্যদিকে বাজারে খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে কেজিতে ছয় থেকে আট টাকা।
বাজারে এখন সয়াবিন তেলের এক লিটারের বোতলের কোম্পানি-নির্ধারিত খুচরা মূল্য ৯৪ থেকে ৯৮ টাকা। ট্যারিফ কমিশনের বিশ্লেষণ অনুযায়ী যৌক্তিক দর হওয়া উচিত ৯২ টাকা। এ ক্ষেত্রে কাঙ্ক্ষিত দরের চেয়ে বেশি পড়ছে ২ থেকে ৬ টাকা। অন্যদিকে পাঁচ লিটারের বোতলের দাম হওয়া উচিত ৪৩৩ টাকা। কিন্তু কোম্পানিগুলো খুচরা মূল্য লিখছে ৪৬৫ থেকে ৪৮০ টাকা। ফলে এ ক্ষেত্রে কাঙ্ক্ষিত দরের চেয়ে বেশি নেওয়া হচ্ছে ৬ থেকে ১০ টাকা।

ভোজ্যতেলের কাঙ্ক্ষিত দর কত হতে পারে, তা বের করতে এবার হালনাগাদ ব্যয় বিবরণী অনুযায়ী বিশ্লেষণ করেছে ট্যারিফ কমিশন। ওই ব্যয় বিবরণীতে প্রশাসনিক ও অন্যান্য খরচ প্রায় দ্বিগুণ করা হয়েছে। বাড়ানো হয়েছে কোম্পানির মুনাফা ও খুচরা ব্যবসায়ীদের লাভের হারও। তারপরও বোতলজাত সয়াবিন তেলের বর্তমান বাজারদর যৌক্তিক হয়নি বলেই মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে কোম্পানিগুলো বলছে, ট্যারিফ কমিশনের হিসাবটি বাজারের প্রকৃত চিত্র নয়।

এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘আমরা বিষয়টি পর্যালোচনা করব। ভোজ্যতেলের প্রতিবেদন, ব্যয় বিবরণী নিয়ে আলোচনার জন্য শিগগিরই একটি বৈঠক হবে।’

এদিকে আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে দেশে এক দফা দাম বাড়ানোর পর ১০ আগস্ট বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে ভোজ্যতেল বিপণনকারী ব্যক্তিদের বৈঠক হয়। সেখানে ব্যবসায়ীরা ঈদুল আজহার আগে দাম না বাড়ানোর আশ্বাস দেন বলে জানা গেছে।

এরপর গত সপ্তাহে তিনটি কোম্পানি বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে এক টাকা করে বাড়িয়েছিল। অবশ্য পরে বাণিজ্য মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশনের পরামর্শে বাংলাদেশ এডিবল অয়েল তা আবার কমিয়েছে। অন্যদিকে সিটি গ্রুপ এ দফায় দাম বাড়ায়নি।

ব্যয় বিবরণীতে খরচ বাড়ানো হলো ৮৯ শতাংশ: দেশে বিভিন্ন পণ্যের উৎপাদন খরচ বিশ্লেষণ করে যৌক্তিক দাম কত হতে পারে, তা ঠিক করা শুরু হয় ২০১১ সালে। তখন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে ভোজ্যতেল ও চিনির ব্যয় বিবরণী তৈরি করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। সেই বিবরণী সম্প্রতি হালনাগাদ করা হয়েছে।

নতুন ব্যয় বিবরণীতে প্রতি টন ভোজ্যতেল উৎপাদনে অপরিশোধিত তেলের দাম বাদে প্রশাসনিক ও অন্যান্য ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৫০০ টাকা। এবার তা বাড়িয়ে ২ হাজার ৮০০ টাকা ধরা হয়েছে। এ ক্ষেত্রে অয়েল ট্যাংকারের ভাড়া প্রতি টনে ২০০ টাকা থেকে ৫০০ টাকা, রাসায়নিক দ্রব্যের খরচ ৭০০ থেকে ১ হাজার ২০০ টাকা, বেতন ও মজুরি বাবদ ব্যয় ১২৫ থেকে ৩৫০ টাকা, গ্যাস বিল ২৫০ থেকে ৪০০ টাকা, বিক্রয় ও বিজ্ঞাপন ব্যয় ১৫০ থেকে ২৫০ টাকা এবং মেরামত খরচ ৭৫ থেকে বাড়িয়ে ১০০ টাকা ধরা হয়েছে।

বাড়ানো হয়েছে কোম্পানির মুনাফাও। আগে কোম্পানির মুনাফা ১ শতাংশ ধরা হতো, এখন সেটা ২ শতাংশ ধরা হচ্ছে। খুচরা ব্যবসায়ীর মুনাফা লিটারপ্রতি ২ টাকা থেকে বাড়িয়ে ৪ টাকা করা হয়েছে।

এসব বাড়তি খরচ ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত করে এক লিটার তেলের কাঙ্ক্ষিত দর কত হওয়া উচিত, তা-ও বের করা হয়েছে ট্যারিফ কমিশনের প্রতিবেদনে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে পাওয়া ওই প্রতিবেদন অনুযায়ী কোম্পানির উৎপাদন খরচ, কর ও মুনাফা ধরার পর মিলগেটে প্রতি লিটার সয়াবিন খোলা তেলের দাম দাঁড়ায় ৭০ টাকা ৫০ পয়সা। এর সঙ্গে এক লিটারের একটি বোতলের ব্যয় বাবদ ১৫ টাকা, পরিবেশকের মুনাফা ২ টাকা ও খুচরা ব্যবসায়ীর মুনাফা ৪ টাকা যোগ করলে তেলের দাম হওয়া উচিত ৯১ টাকা ৫০ পয়সা।

ট্যারিফ কমিশনের হিসাব অনুযায়ী, পাঁচ লিটার তেলের মিলগেট দর আসে ৩৫২ টাকা ৫০ পয়সা। এর সঙ্গে বোতলের দাম বাবদ ৫০ টাকা এবং পরিবেশক ও খুচরা বিক্রেতার মুনাফা বাবদ ৩০ টাকা যোগ করে খুচরা দর হওয়া উচিত প্রায় ৪৩৩ টাকা।

বোতলের দাম কত: ২০১১ সালে ব্যয় বিবরণী তৈরির সময় লেবেলসহ এক লিটারের একটি বোতলের উৎপাদন খরচ ধরা হয় ১৫ টাকা। অন্যদিকে পাঁচ লিটারের ক্ষেত্রে তা ৫০ টাকা ধরার অনুমতি দেওয়া হয় কোম্পানিগুলোকে। বোতল তৈরির এই খরচ এবার একই রাখা হয়েছে।

তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বোতলের উৎপাদন খরচ এত বেশি নয়। ২০১২ সালে ট্যারিফ কমিশনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের মনিটরিং সেল বোতল উৎপাদনকারীদের কাছ থেকে তথ্য নিয়ে হিসাব করে দেখেছিল, পাঁচ লিটার পরিমাণ তেল ধরে এমন একটি বোতলের মোট উৎপাদন খরচ ২৪ টাকা ৮৬ পয়সা। এক লিটারের ক্ষেত্রে তা ৮ টাকার কাছাকাছি।

নাম প্রকাশ না করার শর্তে একটি কোম্পানির একজন কর্মকর্তা জানান, এক লিটার ধারণক্ষমতার চার কোনা বোতল তৈরি করতে লেবেলসহ খরচ হয় ১১ টাকার কাছাকাছি। কারণ, চার কোনা বোতলে প্লাস্টিকের দানা বেশি লাগে। গোলাকৃতির বোতলে খরচ হয় সাড়ে ৯ টাকা। আর পাঁচ লিটারের বোতল তৈরিতে ৩৫ থেকে ৪০ টাকা খরচ হয়। অবশ্য কোম্পানিগুলো পাঁচ লিটার বোতলের উৎপাদন খরচ ৭০ টাকা ধরছে।

ভোজ্যতেলের উৎপাদনে টনপ্রতি ২ হাজার ৮০০ টাকা ব্যয়ের হিসাবটি মানতে নারাজ রূপচাঁদা ও ভিওলা ব্র্যান্ডের তেল বিপণনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ এডিবল অয়েল। বাংলাদেশ এডিবল অয়েলের বিপণন বিভাগের প্রধান শোয়েব মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ব্যয় বিবরণীতে উল্লেখ করা খরচের চেয়ে তাঁদের অয়েল ট্যাংকারের ভাড়ায় টনপ্রতি ১০০ টাকা, রাসায়নিক বাবদ ৩০০ টাকা, বেতন-ভাতায় ১ হাজার ৪৪২ টাকা, গ্যাস বিল বাবদ ১০০ টাকা, মেরামত বাবদ ৩০০ থেকে ৩৫০ টাকা এবং বিক্রয়, প্রশাসন ও বিজ্ঞাপন বাবদ ৩ হাজার ৫৮৮ টাকা বাড়তি খরচ হয়।

আসাদুজ্জামান আরও জানান, রূপচাঁদা পরিবেশকের কমিশন বাবদ লিটারে ৩ টাকা ২৫ পয়সা দিয়ে থাকে। পাশাপাশি ২৫ থেকে ৭৫ পয়সা প্রণোদনা হিসেবে দেওয়া হয়। ২ টাকা কমিশন দিলে পরিবেশকেরা আগ্রহ হারাবে বলে উল্লেখ করেন তিনি।

দেশের অন্যতম পরিশোধনকারী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের নির্বাহী পরিচালক (বিপণন) আসিফ ইকবাল সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম অনেক বেড়েছে। বোতলজাত তেলে আমাদের এখন প্রতি লিটারে ৫ থেকে ৬ টাকা লোকসান দিতে হচ্ছে। এখন দাম বাড়ানো জরুরি।’

কোম্পানির মুনাফার হার ২ শতাংশ ধরা নিয়েও প্রশ্ন তোলেন আসাদুজ্জামান। তিনি বলেন, এত কম মুনাফা দেখিয়ে কর দিতে গেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কোনোভাবেই মানবে না। বিগত বছরের চেয়ে কম হারে মুনাফা দেখালে তারা তা গ্রহণ করে না।