দাম কমায় সবজি নিয়ে বিপাকে শেরপুরের কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেত থেকে ঘোড়ার গাড়িতে করে শেরপুর সদর উপজেলার কামারেরচর পাইকারি হাটে বেগুন নিয়ে এসেছেন কৃষকেরা। কিন্তু ক্রেতা না থাকায় তা বিক্রি হচ্ছে না। ২৭ জানুয়ারি তোলা ছবি l প্রথম আলো
খেত থেকে ঘোড়ার গাড়িতে করে শেরপুর সদর উপজেলার কামারেরচর পাইকারি হাটে বেগুন নিয়ে এসেছেন কৃষকেরা। কিন্তু ক্রেতা না থাকায় তা বিক্রি হচ্ছে না। ২৭ জানুয়ারি তোলা ছবি l প্রথম আলো

সপ্তাহব্যাপী ঘন কুয়াশা ও তীব্র শীতের নেতিবাচক প্রভাব পড়েছে শেরপুরের সবজি বাজারে। পাইকারি ক্রেতার অভাবে বেগুনসহ বিভিন্ন সবজি নিয়ে বিপাকে পড়েছেন কৃষক।
বর্তমানে কৃষকেরা পাইকারি বাজারে মাত্র ৮০ থেকে ১০০ টাকা মণ দরে বেগুন বিক্রি করছেন। ফলে সবজি উৎপাদনকারী কৃষকেরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুর কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শেরপুর জেলায় ৮ হাজার ৯৬৫ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজির চাষ করা হয়। এর মধ্যে শেরপুর সদর উপজেলাতেই ৪ হাজার ৬০০ হেক্টর জমিতে সবজি আবাদ করা হয়। সদর উপজেলায় বেগুন আবাদ করা হয় প্রায় ১ হাজার হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বেগুনসহ বিভিন্ন সবজির ভালো উৎপাদন হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারেরা শেরপুরে এসে উৎপাদিত সবজির অধিকাংশই খেত বা স্থানীয় হাটবাজার থেকে কিনে নিয়ে যান। এ জন্য উৎপাদন মৌসুমের শুরুতে কৃষকেরা সবজির ন্যায্যমূল্যও পেয়েছিলেন। কিন্তু এক সপ্তাহ ধরে ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে রাজধানী ঢাকা ও অন্যান্য স্থানে চাহিদা কমে যাওয়ায় সবজি কিনতে পাইকারেরা শেরপুরে আসছেন না। এতে শেরপুরের বাজারগুলোয় সবজির দামে ধস নেমেছে। বিশেষ করে, শেরপুর সদর উপজেলার কামারেরচর বাজারে অনেক কম দামে বেগুন বিক্রি হচ্ছে। পচে যাওয়ার আশঙ্কায় কৃষকেরা ৮০ থেকে ১০০ টাকা মণ দরে বিক্রি করছেন।
গত ২৭ জানুয়ারি কামারেরচরে গিয়ে দেখা যায়, কৃষকেরা বেগুন, কাঁচা মরিচ, ফুলকপি, শিমসহ বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ সবজি নিয়ে এসেছেন। কিন্তু পাইকারের অভাবে সেগুলো বিক্রি করতে পারছেন না। স্বল্পসংখ্যক স্থানীয় পাইকার বাজারে আনা সবজির দাম বলছেন খুবই কম।
শেরপুর সদর উপজেলার শাহাব্দীরচর গ্রামের ফরিদ মিয়া বলেন, ‘১০ বিঘা জমিতে বেগুন আবাদ করছিলাম। খরচ হইছে প্রায় দেড় লাখ টাকা। ফলন ভালো হইছে। প্রথম দিকে ঢাকা থাইকা পাইকারেরা খেতে আইসা ৩০০ থেকে ৪০০ টাকা মণ দরে বেগুন কিনছে। কিন্তু অহন মাত্র ১০০ টাকা মণে বেগুন বিক্রি করতাছি। এতে আমগর অনেক ক্ষতি হইতাছে।’
শাহাব্দীরচর গ্রামের কৃষক মো. কুবেদ আলী বলেন, তিনি চার বিঘা জমিতে মরিচের আবাদ করেছেন। খরচ হয়েছে প্রায় ১ লাখ টাকা। উৎপাদন মৌসুমের শুরুতে প্রতি মণ মরিচ ৯০০ টাকা দরে বিক্রি করেছেন। কিন্তু এখন বিক্রি করছেন ৬০০ টাকা মণ দরে। এতে তাঁর ক্ষতি হবে।
কামারেরচর বাজারের পাইকারি সবজি ব্যবসায়ী মো. এমদাদুল হক বলেন, বর্তমানে বাজারে বেগুনের আমদানি বেশি। কিন্তু ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে ঢাকা ও অন্যান্য জেলা থেকে পাইকারেরা আসছেন না। তাই তাঁরা কৃষকের কাছ থেকে বেশি দামে বেগুন ও অন্যান্য সবজি কিনতে পারছেন না। জানুয়ারি মাসের প্রথম দিকে প্রতিদিন ২০ থেকে ২৫টি ট্রাকে সবজি ঢাকায় গেছে। কিন্তু এখন তা চার থেকে পাঁচটিতে নেমে এসেছে বলে তিনি জানান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শেরপুরের উপপরিচালক (ডিডি) মো. আশরাফ উদ্দিন বলেন, মৌসুমের প্রথম দিকে কৃষকেরা বেগুনের ভালো দাম পেয়েছেন। তবে এখন খারাপ আবহাওয়াজনিত কারণে বেগুনের দাম কিছুটা কমেছে। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।