দাম কমেছে মুরগি আদা-রসুনের
চট্টগ্রামের বাজারে মুরগি ও আদা-রসুনের দাম কমেছে। এ ছাড়া শাকসবজির দামও প্রায় অপরিবর্তিত রয়েছে। গতকাল শনিবার নগরের রিয়াজ উদ্দিন বাজারে ছোট ও বড় ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৪০ টাকা কেজি দরে। অথচ গত সপ্তাহে এবং কয়েক দিন আগেও এ ধরনের মুরগির কেজি ছিল ১৪৫ থেকে ১৫০ টাকার মধ্যে। দোকানি নুরুল আলম বলেন, এখন মুরগির সরবরাহ স্বাভাবিক রয়েছে। কিন্তু মাসের শেষ বলে সরবরাহের তুলনায় ক্রেতা কম হওয়ায় দাম কিছুটা কমানো হয়েছে। অপরদিকে আদা-রসুনের দামেও স্বস্তি ফিরে পেয়েছেন ক্রেতারা। গতকালের বাজারে আদার পাইকারি মূল্য ছিল ৬০ থেকে ৬২ টাকা কেজি। খুচরা বিক্রি হয়েছে ৬৫ থেকে ৭০ টাকায়। রসুনের পাইকারি মূল্য ৭৭ থেকে ৭৮ টাকা এবং খুচরা মূল্য ছিল ৭৯-৮০ টাকা। গত সপ্তাহে আদা বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ এবং রসুন ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে। এ ছাড়া রিয়াজ উদ্দিন বাজারে ভারত থেকে আমদানি করা বড় পেঁয়াজ ২৩-২৪ টাকা এবং ছোট পেঁয়াজ ২৫-২৬ টাকা কেজি দরে বিক্রি হয়। গোল আলু বিক্রি হয় মানভেদে ৮ থেকে ১২ টাকা। চট্টগ্রামে সবজির বাজার এখনো স্থিতিশীল রয়েছে। গতকাল রিয়াজ উদ্দিন বাজারে টমেটো বিক্রি হয় ১৮-২০ টাকা, পটোল ২০-২২, করলা ২৮-৩০, কাঁকরোল ৩২-৩৫, ঢ্যাঁড়স ২৪-২৫, পেঁপে ২৬-২৭, মিষ্টি কুমড়া ১০-১২, বরবটি ৪৫-৪৮, লাউ ১২-১৫ টাকা কেজি দরে বিক্রি হয়। গাজর ৪৫-৪৮, ক্ষীরা ১২-১৪ টাকায় বিক্রি হয়। কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২২-২৫ টাকা এবং ধনেপাতার কেজি ছিল ৬০-৬৫ টাকা।