দাম চড়া, তবু ইফতারে চাই ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকার দেখে পছন্দ হয় না। পিচ্চি। তবে মুখে দিলেই মন ভালো হয়ে যায় সুমিষ্ট স্বাদে। তাই নাম ‘দিলখোশ’। বিক্রেতারা জানালেন, ঢাকার ইফতারের বাজারে এই আঙুর ফল আমদানি হয়েছে সুদূর পাকিস্তান থেকে। তবে দিলখোশ আঙুর কিনতে এসে ক্রেতাদের মুখ থেকে খুশির চিহ্ন উবে যায়। কারণ অগ্নিমূল্য। প্রতি কেজি ৪৫০ টাকা। সারা দিন রোজা রেখে ইফতারে দু-এক টুকরো ফল না থাকলে তৃপ্তি মেলে না। তাই বাজারে ক্রেতার ভিড় যথেষ্ট।গতকাল শনিবার নগরের বিভিন্ন ফলের বাজারে গিয়ে দেখা যায়, বিক্রেতারা নাজিয়া, ফরিদা, মরিয়ম, বরই, ইন্দোনেশিয়ান খেজুরের এসব নাম ধরে হাঁকডাক করে ক্রেতার দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাচ্ছিলেন। কিনতে এলে তুমুল দর-কষাকষি। অধিকাংশ ক্ষেত্রেই তাঁদের ফলের দাম কমানোর চেষ্টা বিফলে যাচ্ছিল। অগত্যা বেজারমুখে চড়া দামেই ফল কিনতে বাধ্য হচ্ছিলেন তাঁরা, কারণ ইফতারে ফল না হলে যে চলে না। মহানগরের বিভিন্ন বাজারে একই ফলের দামের তারতম্য যথেষ্ট। নিউমার্কেট যে দাম নীলক্ষেতে সেই একই ফলের দাম ১০ থেকে ২০ টাকা বাড়তি। নামীদামি শপিং মলগুলোতে দাম আরও বাড়তি।গতকাল ধানমন্ডির ২৭ নম্বরে মীনাবাজারে কেনাকাটা করতে আসা গৃহিণী রিমা বলেন, ‘ফলের দাম চড়া। বাধ্য না হলে ফল কিনতে আসা হয় না। মীনাবাজারে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ওজন করে নিতে পারি। তাই দাম বেশি হলেও এখান থেকে ফল কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করি।’ তিনি এখান থেকে সবুজ আপেল কিনলেন ২৯৫ টাকা কেজি ও আধা কেজি খেজুর ১৮৫ টাকায়। এখানেই অপর এক ক্রেতা একটি তরমুজ কিনলেন ২১৮ টাকা দিয়ে।দুপুরে নিউমার্কেটের একটি প্রকাশনা সংস্থার অফিস সহকারী নাদিমের কাছে ফলের দাম কেমন জানতে চাইলে তিনি সক্ষোভে বলেন, ‘বাণিজ্যমন্ত্রী কম খাওয়ার উপদেশ দিচ্ছেন। কিন্তু রোজার মাসে তো দিনের বেলায় খাওয়া-দাওয়াই বন্ধ। রাতেও কম খেলে চলব-ফিরব কী করে। ফলের দাম যে বেশি, তা কি আমার চেহারা দেখে বুঝতে পারছেন না।’ গতকাল নিউমার্কেটের নিউ সুপার মার্কেটের বিক্রেতা রিফাত জানালেন, সবুজ মালটা ৯০ ও কমলা মালটা ১২০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতা মো. জালাল মৃধা থাকেন নগরের কারওয়ান বাজারে। কিন্তু কিছু বেশি দামে বিক্রি করা যায় বলে তিনি ফলের পসরা সাজিয়েছেন নিউমার্কেটে। তিনি একটা পেঁপে বিক্রি করছিলেন ১৫০ টাকায়। দেশি গাব বিক্রি করছিলেন ২০ টাকা হালি। আম বিক্রেতা ফরিদ জানালেন, চোষা আম বর্তমানে ১৫০ টাকা কেজি, তবে রোজার আগে এই আমের দাম ছিল ১২০ টাকা। ল্যাংড়া এখন ১৪০ টাকা কেজি, রোজার আগে ছিল ১০০ টাকা। নিউমার্কেটের বিভিন্ন ফলের দোকানে প্রতি কেজি নাশপাতি ১৫০ টাকা, বেদেনা ২০০ টাকা, লাল চায়না আঙুর ২৮০ থেকে ৩০০ টাকা, অস্ট্রেলিয়ার আঙুর ৩৪০ টাকা, দক্ষিণ আফ্রিকার সবুজ আপেল ১৬০ টাকা।দেশি ফলের মধ্যে আমড়া ১২ টাকা হালি, জাম্বুরার আকার অনুযায়ী ২০ টাকা থেকে যার কাছ থেকে যা পাওয়া যায়, শরিফা ১৫০ টাকা কেজি, লটকন ৮০ টাকা, বাঙি ২৫ থেকে ৩০ টাকা, করমচা ১০০ গ্রাম ২০ টাকা, আমলকী ১০০ গ্রাম ২৫ টাকা, অরবরই ২০ টাকা, পেলা ২০ টাকা, কামরাঙা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া ডাব প্রতিটি ৬০ টাকা।গতকাল কারওয়ান বাজারে সবুজ আপেল ১৬০ টাকা কেজি, পেঁপে ১২০ টাকা কেজি, বেদেনা ২৪০ টাকা কেজি, লাল আঙুর ৩৫০ টাকা কেজি, সাগরকলা ৯০ টাকা ডজন, আনারস ৭০ টাকা জোড়া, ভারতের তরমুজ ৬০ থেকে ১০০ টাকা এবং দেশি তরমুজ ৪০০ টাকা দরে বিক্রি হয়েছে। ফলের চড়া দামে ক্রেতাদের নাভিশ্বাস উঠলেও বিক্রেতাদের ভাষায়, ‘ফলের দাম বাড়েনি, বরং কোনো কোনো ফলের দাম কমেছে।’ আবার রোজার মাসে কিছু বাড়তি লাভ না করলে যে চলে না, তাও জানিয়ে দিলেন তিনি। বিক্রেতা জানালেন, আড়ত থেকে তাঁদের বেশি দামে ফল আনতে হয়। এ ছাড়া অন্যান্য খরচ পোষানোর জন্য বাড়তি দাম হাঁকতে হয়।