দাম চড়া হওয়ায় রক্ষা আগাম ফুলকপিচাষিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারে ফুলকপির চাহিদা বেশ। দামও চড়া। তাই কৃষকেরা খুশি। ছবিটি গত শনিবার সকালে দিনাজপুরের বিরামপুর হাট থেকে তোলা l প্রথম আলো
বাজারে ফুলকপির চাহিদা বেশ। দামও চড়া। তাই কৃষকেরা খুশি। ছবিটি গত শনিবার সকালে দিনাজপুরের বিরামপুর হাট থেকে তোলা l প্রথম আলো

একটু বেশি লাভের আশায় আগাম ফুলকপি চাষ করেন দিনাজপুরের বিরামপুর উপজেলার ভেলাড়পাড়া গ্রামের আশরাফুল ইসলাম। কিন্তু এ বছর অতিবৃষ্টি, দাবদাহ ও ভেজাল বীজের কারণে আগাম চাষ করা ফুলকপি বিবর্ণ ও আকারে ছোট হয়। এতে লোকসানের দুশ্চিন্তায় দিশেহারা ছিলেন আশরাফুল।
আশরাফুলের মতো দুশ্চিন্তায় ছিলেন মাহমুদপুরের আবদুল মতিন, হাবিপুরের শরিফুল ইসলাম, ফুলবাড়ীর সাইদুলসহ এসব এলাকার আগাম ফুলকপিচাষিরা। কিন্তু বাজারে ওই সব বিবর্ণ ও ছোট আকারের কপিগুলোর দাম চড়া থাকায় বেশ খুশি আশরাফুল, মতিন, শরিফুল, সাইদুলসহ আগাম ফুলকপিচাষিরা। এতে তাঁরা সবাই লাভের মুখ দেখছেন।
বিরামপুরের পুরোনো বাজারে প্রতি শনিবার বড় সবজির হাট বসে। এই বাজারে ফুলবাড়ী, বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার সবজিচাষিসহ ঢাকাসহ বিভিন্ন এলাকার পাইকারি ব্যবসায়ীরাও আসেন।
বিরামপুর বাজারে গত শনিবার ফুলকপি বিক্রি করতে আসা সাইদুল বলেন, তিনি কয়েক বছর থেকে লাভের আশায় আগাম কপি চাষ করছেন। এ বছর পৌনে দুই বিঘা জমিতে কপি চাষ করেছেন। প্রতি বিঘায় খরচ হয়েছে ৫৫ হাজার টাকা। কিন্তু অতিবৃষ্টি, রোদ ও ভেজাল বীজের কারণে কপিগুলো বিবর্ণ হয়ে ছোট আকার ধারণ করে। চাষ করার দুই মাস পর যেখানে প্রতিটি ফুলকপি অন্তত ৭০০ গ্রামের হওয়ার কথা, সেখানে প্রতিটি ফুলকপি সর্বোচ্চ ২০০ গ্রামের হয়েছে। রংও বিবর্ণ। তিনি লোকসানের আশঙ্কায় হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু বাজারে এই ছোট ফুলকপিগুলোও ভালো দামে বিক্রি হচ্ছে।
আশরাফুল বলেন, ‘এক বিঘাত কপি হয় ১০০ মণের মতো। গতবার কপি বেচছি ১ হাজার টাকা মণ দরে। এবার এক বিঘাত হইছে ৫০ মণ। কালো কালো দাগও আছে। মনে করছিনো গরুক খিলবা লাগবি। এখন ব্যাপারীরা কাড়াকাড়ি লাগাইছে। প্রতি মণ ফুলকপি বিক্রি হছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকা দরে। কদিন আগে ২ হাজার টাকা মণ বিক্রি হইছে।’
বিরামপুরের খুচরা বাজারে শনিবার ঘুরে দেখা গেছে, এসব ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৫ থেকে ৫০ টাকা দরে। তবু দেখা মিলছে না সব দোকানে।
বিরামপুরের পুরোনো বাজারে খুচরা সবজি বিক্রেতা মঞ্জুরুল আলম বলেন, ‘সাইজ দেখতে খারাপ হলেও নয়া জিনিস। তাই দাম বেশি হলেও অনেকেই নিবা চায়। কিন্তু পাইকারি বাজারোত খুঁজেও পাওয়া যাচে না। দামও বেশি।’
বগুড়ার সবজি ব্যবসায়ী তরিকুল মিয়া বলেন, অতিবর্ষণে দেশের বেশির ভাগ সবজির খেত নষ্ট হয়ে গেছে। বিশেষ করে আগাম জাতের ফুলকপি। এতে বাজারে ফুলকপির সরবরাহ কম। ঢাকার বাজারে চাহিদা থাকায় ক্ষতিগ্রস্ত ফুলকপিও বেশ ভালো দামে বেচাকেনা হচ্ছে। ফুলকপিচাষিরাও লাভবান হচ্ছেন।
বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিক্সন চন্দ্র পাল বলেন, বিরামপুরে এবার ২০ হেক্টর জমিতে আগাম জাতের ফুলকপি চাষ হয়েছে।