দাম জটিলতায় থমকে গেছে ভারত থেকে বিদ্যুৎ আমদানি
ভারত থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির প্রক্রিয়া দামের জটিলতায় পড়েছে। ভারত থেকে বর্তমানে যে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে তার চেয়ে ভবিষ্যৎ আমদানিতে অনেক বেশি দাম হাঁকছে ভারত। ফলে আমদানির প্রক্রিয়া থমকে গেছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) সংশ্লিষ্ট সূত্রে এই খবর জানা গেছে।
ওই ৬০০ মেগাওয়াটের মধ্যে ১০০ মেগাওয়াট ত্রিপুরার পালাটানা গ্যাসভিত্তিক কেন্দ্র থেকে গত ডিসেম্বর মাসেই সরবরাহ শুরু করার কথা ছিল। আর ৫০০ মেগাওয়াট কুষ্টিয়ার ভেড়ামারা থেকে আমদানি করার কথা। এ জন্য ভেড়ামারায় বিদ্যমান গ্রিড আন্তঃসংযোগ উপকেন্দ্রটির ক্ষমতা বাড়ানোর যে প্রকল্প নেওয়া হয়েছে তার কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে।
ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট: ভারতের ত্রিপুরার পালাটানা কেন্দ্র থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ গত ডিসেম্বরেই বাংলাদেশে সরবরাহ করার কথা ছিল। এ জন্য উভয় দেশে প্রয়োজনীয় অবকাঠামোও প্রস্তুত করা হয়েছিল। কিন্তু ভারত বিদ্যুতের দাম বেশি চাওয়ায় আমদানি শুরু হয়নি।
বিদ্যুৎ মন্ত্রণালয় ও পিজিসিবি সূত্র জানায়, ভারত প্রতি ইউনিট বিদ্যুতের দাম চাচ্ছে আট রুপি (প্রায় ১০ টাকা)। গ্যাসভিত্তিক কেন্দ্রের বিদ্যুতের এই দাম অনেক বেশি। যদিও এর মধ্যে সঞ্চালন ব্যয়ও অন্তর্ভুক্ত রয়েছে। ভারত থেকে কুষ্টিয়ার ভেড়ামারা হয়ে যে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে সঞ্চালন ব্যয়সহ তার প্রতি ইউনিটের দাম পড়ছে ছয় টাকার মতো।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, ত্রিপুরা সরকার বিদ্যুতের যে দাম নির্ধারণ করেছে তা একটু বেশিই মনে হচ্ছে। তাই বিষয়টি নিয়ে ত্রিপুরা সরকারের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, প্রস্তাবিত দাম বেশি হওয়ায় ত্রিপুরার সঙ্গে বিদ্যুৎ বেচা-কেনার চুক্তি (পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট বা পিপিএ) সই না করে বিদ্যুৎ মন্ত্রণালয় দামের প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায়। এরপর ভারত সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী গতকাল রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি সভা হয়েছে।
ভেড়ামারা থেকে ৫০০: ভেড়ামারা থেকে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা ২০১৮ সালে। কিন্তু এর দাম নিয়ে কথা শুরু হয়ে গেছে। বিদ্যুৎ মন্ত্রণালয় সূত্র জানায়, ভেড়ামারা থেকে বর্তমানে যে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশ পাচ্ছে সেই দামে আরও ৫০০ মেগাওয়াট সরবরাহের বিষয়ে ভারতে কিছু আপত্তি উঠেছে। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে জানানো হয়েছে, আগামী জুন মাসে ভারতের কেন্দ্রীয় রেগুলেটরি বোর্ড নতুন করে বিদ্যুতের দাম নির্ধারণ করার পর বিষয়টি নিয়ে আলোচনা হবে।
ভেড়ামারা থেকে এই বাড়তি বিদ্যুৎ আনার জন্য বিদ্যমান উচ্চ ক্ষমতার গ্রিড উপকেন্দ্রটির (এইচভিডিসি) ক্ষমতা বাড়াতে হবে। এ জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থ সহায়তায় একটি প্রকল্প নিয়েছে পিজিসিবি। এই প্রকল্প বাস্তবায়নের জন্য দরপত্র আহ্বান করে একটিমাত্র দরপ্রস্তাব পাওয়া গেছে যাতে দাম প্রস্তাব করা হয়েছে অনেক বেশি। পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আল বিরুনী প্রথম আলোকে বলেন, দাম বেশি চাওয়ায় ওই প্রস্তাব পিজিসিবির বোর্ড গ্রহণ করেনি।
তবে দাতা সংস্থার পক্ষ থেকে প্রস্তাবটি গ্রহণ করার জন্য অনানুষ্ঠানিকভাবে বলা হচ্ছে বলে বিদ্যুৎ মন্ত্রণালয় সূত্র জানায়। তবে সরকার এ ব্যাপারে একটু ধীরে চলতে চায়। বিদ্যুতের দাম সম্পর্কে ধারণা পাওয়ার পরই প্রকল্প বাস্তবায়নের গতি নির্ধারণ করা হতে পারে।
বিদ্যুৎ মন্ত্রণালয় সূত্র বলেন, বাংলাদেশ বিদ্যুৎ খাত উন্নয়নের যে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে তাতে আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বিদ্যুৎ আমদানি একটি গুরুত্বপূর্ণ খাত। ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনায় শেষ পর্যন্ত প্রায় ১০ হাজার মেগাওয়াটই হতে পারে আমদানি করা বিদ্যুৎ। কাজেই বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি দুশ্চিন্তার কারণ হবে।