দাম জানতেই বেশি আগ্রহ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ থেকে ২০টি গরু নিয়ে গত বুধবার চট্টগ্রাম নগরের বিবিরহাটে এসেছেন ব্যাপারী পেশকার আলী। কিন্তু গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত একটি গরুও বিক্রি হয়নি তাঁর। হাট জমে উঠতে আরও দু-তিন দিন লাগবে বলে জানালেন এই ব্যাপারী।
নগরের চকবাজার এলাকা থেকে বন্ধুদের সঙ্গে গতকাল হাটে আসেন কলেজছাত্র ইমরানুল ইসলাম। তিনি জানান, দরদাম দেখার জন্য হাটে এসেছেন। গরু কিনবেন ঈদের দু-তিন দিন আগে।
চট্টগ্রাম নগরের পশুর হাটের চিত্র কেমন, তা এই দুই ক্রেতা-বিক্রেতার বক্তব্যই বলে দিচ্ছে। দুটি স্থায়ী হাটের পাশাপাশি এবার নগরে ছয়টি অস্থায়ী পশুর হাট বসেছে। গত বুধবার থেকে এসব হাটের কার্যক্রম শুরু হলেও পশু বেচাবিক্রি তেমন হচ্ছে না।
গতকাল নগরের বিবিরহাট (স্থায়ী) ও কর্ণফুলী পশুর হাট (অস্থায়ী) ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু নিয়ে হাটে আসছেন ব্যাপারীরা। হাটে ক্রেতাও আছেন, তবে গরু কেনার চেয়ে দাম জানতে উৎসাহ বেশি তাঁদের।
হাটের ইজারাদার ও ব্যাপারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন পর্যন্ত সব কটি হাটেই দেশি গরুর প্রাধান্য রয়েছে। কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রাজশাহী, পাবনা, নরসিংদী ও মাগুরা থেকে ব্যাপারীরা গরু নিয়ে এসেছেন। এ ছাড়া চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া উপজেলা এবং কক্সবাজারের চকরিয়া থেকেও গরু আসছে। বিভিন্ন হাটে ভারতীয় গরু থাকলেও তা সংখ্যায় খুব কম।
নগরের অস্থায়ী হাটের মধ্যে সবচেয়ে বড় কর্ণফুলী পশুর হাট বসেছে বাকলিয়ার নূরনগর হাউজিং সোসাইটি এলাকায়। গতকাল বিকেলে সেখানে গিয়ে দেখা যায়, ক্রেতা-বিক্রেতাদের স্বাগত জানাতে বাজারের প্রবেশমুখে তোরণ নির্মাণ করা হয়েছে। এই হাটে গত মঙ্গলবার পাবনা থেকে ২৬টি গরু নিয়ে এসেছেন স্বপন ব্যাপারী। কুষ্টিয়া থেকে ২১টি গরু নিয়ে এসেছেন মোহাম্মদ বাবর ও আমিরুল ইসলাম। তাঁরা একেকটি গরুর দাম হাঁকছেন ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত। তবে লোকজন শুধু দরদাম জেনেই চলে যাচ্ছেন বলে জানান এই তিন ব্যাপারী।
নগরের রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী মোহাম্মদ তাহের বলেন, ‘আপাতত গরুর দরদাম দেখছি। ব্যাপারীরা বেশি দর হাঁকছেন। আরও কয়েকটি হাট ঘুরে দেখব। তারপর গরু কিনব।’
নগরের মুরাদপুরের বিবিরহাটে গিয়ে দেখা যায়, দল বেঁধে গরু দেখতে এসেছে কিশোরেরা। কুষ্টিয়া থেকে গরু নিয়ে আসা কাওসার আলম বলেন, গত মঙ্গলবার ২০টি গরু নিয়ে এসেছেন তিনি। তিনি একেকটি গরুর দাম হাঁকছেন ৬০ হাজার থেকে ২ লাখ টাকা। তবে গতকাল বিকেল পর্যন্ত তাঁর একটি গরুও বিক্রি হয়নি। তিনি বলেন, লোকজন শুধু গরুর দাম কত, তা জানতে চায়। এখনো কেনার আগ্রহ নিয়ে কেউ আসেনি।
বিবিরহাটের ইজারাদার মঞ্জুরুল আলম প্রথম আলোকে বলেন, প্রতিবছর কোরবানি ঈদে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই হাটে ৩০-৩৫ হাজার গরু আসে। গতকাল পর্যন্ত ৭-৮ হাজার গরু এসেছে। তাঁর আশা, আগামী সোম-মঙ্গলবার থেকে এই হাট পুরোদমে জমে উঠবে।