দাম জেনেই গরু ব্যবসায়ী অচেতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির গরু বিক্রি করতে এসে দাম শুনে গত শুক্রবার অচেতন হয়ে পড়েন গরু ব্যবসায়ী মো. ফজল হক। স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। তাঁর গ্রামের বাড়ি যশোর জেলায়। ফজল হকের ছেলে মো. ফারুক হোসেন জানান, যশোর থেকে তাঁরা প্রতি কোরবানির ঈদে ব্যবসার জন্য রায়পুরে গরু আনেন। এবারও নয় লাখ টাকা খরচ করে ১৯টি গরু আনেন। কিন্ত হাটে গরুর চেয়ে ক্রেতা ছিল অনেক কম। এতে অর্ধেক দামে বিক্রি হয় গরু। এ দাম শুনে তাঁর বাবা অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরলে গত শনিবার ফজল হক বলেন, ‘নয় লাখ টাকা সুদের ওপর নিয়ে গরু কিনি। ঈদের পরের দিন নয় লাখের বিপরীতে ৫০ হাজার টাকা সুদ দিতে হবে। বাজারে গরু বিক্রি করলে প্রায় ছয় লাখ টাকা হতো। এ দামেও ক্রেতা পাওয়া যায়নি। এখন বাধ্য হয়ে ৩০ হাজার টাকা দিয়ে ট্রাক ভাড়া করে গরুগুলো আবার যশোর নিয়ে যাচ্ছি।’