দাম না পেয়ে সবজিখেত ভেঙে দিচ্ছেন কৃষক
ন্যায্য দাম না পেয়ে যশোরের কৃষকেরা আগাম সবজিখেত ভেঙে ফেলছেন। এ কারণে যশোর সদর উপজেলার বারীনগর পাইকারি সবজির মোকামে এখন সবজির সরবরাহ অনেক কমে গেছে।
যশোর কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ১৪ হাজার ৯৭০ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে। সারা বছরে এই অঞ্চলের মানুষের চাহিদা মিটিয়ে প্রায় সাড়ে তিন লাখ মেট্রিক টন সবজি দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়।
বারীনগর হাটের ইজারাদার ফরিদুল ইসলাম প্রথম আলোকে জানান, বারীনগর বাজারে এখন প্রতিদিন ৫ থেকে ১০ ট্রাক সবজি পাঠানো হচ্ছে; অবরোধের আগে যেখানে ৪০ থেকে ৫০ ট্রাক পাঠানো হতো। সবজি পাঠানোর জন্য প্রয়োজনীয় ট্রাক পাওয়া যাচ্ছে না। পেলেও ভাড়া গুনতে হচ্ছে দ্বিগুণ। যে কারণে ব্যাপারীরা বেশি দামে সবজি কিনছেন না। কৃষকেরা উপায় না পেয়ে লোকসানে সবজি বেচতে বাধ্য হচ্ছেন। লোকসান হচ্ছে বলে এই অঞ্চলের অধিকাংশ কৃষক আগাম সবজিখেত ভেঙে অন্য ফসল চাষে ঝুঁকছেন।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, বারীনগর বাজারে বেগুন ১২ থেকে ১৩ টাকা, শিম ৩ থেকে ৫, বাঁধাকপি ৩ থেকে ৪, ফুলকপি ৪ থেকে ৫ টাকা দরে পাইকারি বেচাকেনা হচ্ছে।
উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের কৃষক আমির হামজা বলেন, ‘১৫ কাঠা জমিতে শিমের চাষ ছিল। ১৫ দিন ধরে শিমের ভালো দাম পাইনি। এ জন্য শিমের খেত ভেঙে বোরো ধানের চাষ শুরু করেছি।’ তাঁর তিন ভাইসহ আশপাশের কৃষকেরাও সবজির খেত ভেঙে দিচ্ছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক নিত্যরঞ্জন বিশ্বাস প্রথম আলোকে জানান, অস্বাভাবিক পরিস্থিতির কারণে কৃষকেরা হয়তো ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না। এ কারণে অনেকে শিম ও বেগুনখেত ভেঙে অন্য ফসল লাগাতে আগ্রহী হতে পারেন।