দাম না পেয়ে কৃষক বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে ফুলকপি, লাউ, শিম, মুলাসহ শীতকালীন সবজির ফলন ভালো হলেও বাজারে সেগুলো কম দামে বিক্রি হওয়ায় কৃষকের উৎপাদন খরচ উঠছে না।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর তিন হাজার ৯৮১ হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু আবাদ হয়েছে তিন হাজার ৩৯৫ হেক্টর জমিতে। আগামী জানুয়ারি পর্যন্ত শীতকালীন সবজি আবাদ অব্যাহত থাকবে। তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের ধারণা অনুযায়ী লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।গত রোববার সরেজমিনে রামপাল ও বজ্রযোগিনী ইউনিয়ন এবং কয়েকটি সবজির আড়তে দেখা গেছে, বাম্পার ফলন হলেও কৃষকের মুখ মলিন। আড়তগুলোয় ফুলকপি, লাউ, শিম, টমেটো, মুলা, বেগুন, করলা, পালংশাক, লালশাক, বরবটি—এসব সবজিতে আড়ত ভরে আছে।রামপাল ইউনিয়নের ধলাগাঁও বাজারসংলগ্ন মেসার্স সততা বাণিজ্যালয় নামে আড়তে গিয়ে দেখা গেছে, ফুলকপিতে ভরে আছে গোটা আড়ত। সঙ্গে আছে পালংশাক, লালশাক ও মুলা। আড়তের মালিক মফিজুল ইসলাম জানান, এবার সবজির ফলন ভালো। কিন্তু দাম একদম কম। উত্তরবঙ্গেও সবজির ফলন ভালো হয়েছে।বজ্রযোগিনী ইউনিয়নের গুহপাড়া গ্রামের চাষি মিন্টু দাস জানান, সবজির দাম এতটাই কম যে প্রতিটি ফুলকপি সাড়ে চার থেকে ছয় টাকায় বিক্রি হচ্ছে। অথচ একটি কপির পেছনে তাঁদের উৎপাদন খরচ হয়েছে আট টাকার ওপরে। গত বছর তাঁরা এই কপি ১৫ টাকা করে আড়তে বিক্রি করেছেন। কম দামে ফুলকপি বিক্রি করায় দিনমজুরের খরচও উঠছে না।একই ইউনিয়নে পুকুরপাড়া গ্রামের সিদ্দিক খান জানান, তিনি এ বছর এক কানি জমিতে ফুলকপি চাষ করেছেন। ফলন ভালো হয়েছে, কিন্তু দাম কম। খরচের টাকাও উঠবে না।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুর রহমান বলেন, ‘মুন্সিগঞ্জে এ বছর সবজির ফলন অনেক ভালো হয়েছে, তবে দাম অনেক কম। কৃষক কম দামে বিক্রি করলেও বাজারে এসে সবজিগুলো বেশি দামে বিক্রি হচ্ছে। মাঝখান থেকে কৃষক দাম পাচ্ছেন না। শুনেছি, উত্তরবঙ্গেও এবার সবজির ফলন ভালো হয়েছে। কৃষক যাতে দাম পান, সেদিকে লক্ষ রাখতে হবে। একই সঙ্গে বাজারে সবজির দাম অতিরিক্ত বেড়ে যাওয়া নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করতে হবে।’