দাম না পেয়ে হতাশ চাষি ও ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাম পাওয়ার আশায় হিমাগারে আলু রেখে বিপাকে পড়েছেন রাজশাহীর বাগমারা উপজেলার চাষি ও ব্যবসায়ীরা। বাজারে লাভজনক দাম ও চাহিদা না থাকায় তাঁদের লোকসান গুনতে হচ্ছে। বিক্রি না হওয়ায় হাজার হাজার বস্তা আলু হিমাগারে পড়ে আছে।চাষি ও ব্যবসায়ীরা জানান, বিগত বছরে আলুর চাষাবাদ ও দাম লাভজনক হওয়ায় চাষিরা এবার আলু চাষে ঝুঁকে পড়েন। অনেক ব্যবসায়ীও এ বছর বাণিজ্যিকভাবে আলু চাষ করেন।উপজেলা কৃষি কার্যালয়ের তথ্যমতে, এ মৌসুমে ১২ হাজার ৬০০ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। হিমাগারে সংরক্ষিত রাখা হয় প্রায় ১০ হাজার মেট্রিক টন আলু। এর মধ্যে মাত্র এক হাজার মেট্রিক টন বিক্রি করা হয়েছে। এবার দাম কম থাকায় বিক্রি করতে না পেরে চাষি ও ব্যবসায়ীরা হিমাগারে আলু রেখে বিপাকে পড়েছেন। লাভজনক দাম না পাওয়ায় তা অবিক্রীত রয়ে গেছে। অন্যান্য বছর এ সময়ে আলুর ভালো দাম থাকায় হিমাগারগুলো প্রায় শূন্য হয়ে যায়। তবে এ বছর তার উল্টো চিত্র দেখা গেছে।সম্প্রতি সরেজমিনে হিমাগারগুলোতে বিপুল পরিমাণ আলু রয়েছে বলে দেখা গেছে। হিমাগারগুলোতে ক্রেতা ও বিক্রেতা কাউকেই দেখা যায়নি। হিমাগার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত বছরগুলোতে এ সময়ে আলুর কেনাবেচার চাপ থাকলেও এবার তা হয়নি। এ সময়ে আলুর অর্ধেকের বেশি পরিমাণ বিক্রি হয়ে যায়।উপজেলার নাটোর কোল্ডস্টোরেজের জেনারেল ম্যানেজার খায়রুল বাসার জানান, হিমাগারে এখনো উল্লেখযোগ্য পরিমাণ আলু অবিক্রীত রয়ে গেছে। বাসার হিমাগার কর্তৃপক্ষ জানায়, তাদের হিমাগারেও বিপুল পরিমাণ আলু বিক্রি হয়নি।বাগমারা গ্রামের আলু ব্যবসায়ী আফজাল হোসেন জানান, তিনি কয়েক বছর ধরে হিমাগার থেকে আলু কেনাবেচা করেন। এ বছর তাঁদের বসে থাকতে হচ্ছে।আলুচাষি ও ব্যবসায়ীরা জানান, এবার হিমাগারে প্রতি বস্তা ডায়মন্ড জাতের আলু রাখতে খরচ হয়েছে এক হাজার ২০০ থেকে ৩০০ টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে ৯৭০ টাকা দরে। বার্মা জাতের আলু রাখতে খরচ হয়েছে এক হাজার টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। এ ছাড়া দেশি জাতের আলু রাখতে খরচ হয়েছে এক হাজার ৩২০ টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে সাড়ে নয় শ টাকা দরে।আলু ব্যবসায়ী আহসান হাবীব জানান, তিনি ব্যবসার জন্য এক হাজার ২২০ টাকা বস্তা (৮২ কেজি) দরে আলু হিমাগারে রেখেছেন। এখন বিক্রি করলে বিপুল পরিমাণ লোকসান গুনতে হবে। এ জন্য তিনি আলু বিক্রি না করে হিমাগারেই রেখেছেন বলে জানান।