দাম নির্ধারণ করে দেওয়ায় লবণ চাষে উৎসাহ
‘গত দুই বছর হতাশা নিয়ে আমাদের মাঠে নামতে হয়েছিল। কারণ লবণের বাজারদর কম ছিল। সরকার এবার লবণের দাম প্রতি কেজি চার টাকা নির্ধারণ করে দিয়েছে। তাই চাষিরা উৎসাহ নিয়ে মাঠে নেমেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে কক্সবাজারে উৎপাদিত লবণ জাতীয় চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা সম্ভব।’কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের মাইজপাড়ার চাষি কাশেম আলী (৫২) গত শনিবার বিকেলে এসব কথা বলেন। সরেজমিন ঘুরে দেখা গেছে, চৌফলদণ্ডী ছাড়াও পাশের ভারুয়াখালী, ইসলামপুর, খুরুশকুল, গোমাতলী, ঈদগাহ, পোকখালী ইউনিয়নে কয়েক হাজার একর জমিতে এখন লবণ চাষ চলছে। আগামী মে মাস পর্যন্ত চলবে এই লবণ উৎপাদনের মহোৎসব। চাষিরা জানান, ৩০ নভেম্বরের মধ্যে সব মাঠ লবণ উৎপাদন উপযোগী করে তোলা সম্ভব হবে। সাগরের লবণাক্ত পানি এসব মাঠে সংরক্ষণ করে সূর্যের তাপে (রোদে) শুকিয়ে তৈরি হয় লবণ। সেই লবণ কার্গো ও ট্রাকে বোঝাই করে সমুদ্র ও সড়কপথে সরবরাহ করা হয় ঢাকা, চট্টগ্রাম, খুলনা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে। কক্সবাজারে উৎপাদিত লবণ দিয়েই জাতীয় চাহিদা পূরণ করা হচ্ছে। বিসিকের তথ্যমতে, লবণ উৎপাদন, বিপণন ও এই শিল্পের সঙ্গে জড়িত আছে প্রায় ৫৫ হাজার প্রান্তিক চাষিসহ পাঁচ লাখ মানুষ। খুরুশকুলের মামুনপাড়ার চাষি আমির হোসেন (৪৮) জানান, গত বছর তিনি এই গ্রামে বর্গা নেওয়া তিন একর জমিতে লবণ চাষ করেন। কিন্তু তখন বাজারদর না থাকায় এবং লোকসানের কারণে মাঝপথে লবণ উৎপাদন বন্ধ করে দিতে হয়। এবার দাম নির্ধারিত হওয়ায় বিপুল উৎসাহ নিয়ে তিন একর জমিতে লবণ চাষ করছেন। ইতিমধ্যে তিনি ১২ মেট্রিকটন লবণ উৎপাদন করেছেন। কক্সবাজার লবণ চাষি সংগ্রাম পরিষদের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী জানান, মৌসুম শুরুর গত ১৫ দিনে মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফ, কক্সবাজারসহ বিভিন্ন স্থানে ১০ হাজারের বেশি চাষি মাঠে নেমেছেন। কিছুদিনের মধ্যে আরও ৪৫ হাজারের মতো চাষি উৎপাদন শুরু করবেন। দাম নির্ধারিত হওয়ায় এবার চাষযোগ্য জমির পরিমাণও বাড়তে পারে।চাষিরা জানান, প্রতি কেজি লবণ উৎপাদন করতে তাঁদের (চাষিদের) খরচ হয় প্রায় আড়াই টাকা। কিন্তু কয়েক বছর ধরে এই লবণ এক থেকে দেড় টাকায় বিক্রি করতে হয়। এখন চার টাকা নির্ধারিত হওয়ায় চাষিরা খুশি। বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠিরশিল্প করপোরেশন (বিসিক) কক্সবাজারের লবণ উন্নয়ন প্রকল্প কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে জেলার ৭২ হাজার একর জমিতে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪ লাখ ২৫ হাজার মেট্রিক টন। এ বছর দেশে লবণের চাহিদা ১৪ লাখ সাত হাজার মেট্রিকটন। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন ১৭ লাখ মেট্রিকটন ছাড়িয়ে যেতে পারে। প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা এ টি এম ওয়ালী উল্লাহ জানান, এবার সরকার নির্ধারিত মূল্যে মিল মালিকেরা লবণ কিনছেন কি না, তদারক করা হবে। কক্সবাজার লবণ মিল মালিক সমিতির সভাপতি ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের মাস্টার জানান, গত বছর প্রতি মণ লবণ বিক্রি হয়েছে ৬০ থেকে ৯০ টাকায়। বর্তমানে মাঠে উৎপাদিত লবণ কেনা হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা। এই মূল্য অব্যাহত থাকলে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।কক্সবাজার লবণ চাষি সমিতির সভাপতি মোস্তফা কামাল চৌধুরী বলেন, উৎপাদিত লবণ কেনার জন্য জেলায় ৫৭টি লবণ কারখানা খোলা রাখা হয়েছে। অনেকে এসব কারখানায় নির্ধারিত মূল্যে লবণ কিনছেন।