দাম নিয়ন্ত্রণে কাপড়ের বাজার তদারক করবে জেলা প্রশাসন
ঈদ উপলক্ষে কাপড় ও পোশাকের দাম নিয়ন্ত্রণে রাখতে এবার বিভিন্ন শপিং মলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে জেলা প্রশাসন। কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে অতিরিক্ত মুনাফার প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বেচাকেনার রসিদ সংরক্ষণের জন্য সব ব্যবসায়ীকে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। পবিত্র রমজানসহ সারা বছর কাপড়ের মূল্য স্থিতিশীল রাখতে চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন বিপণিবিতানের ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক অনুপম সাহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমিনুর রশিদ, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোসাইন, মহানগর কমিটির সভাপতি জেসমিন সুলতানা, বিপণিবিতান ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ সগীর, দোকান মালিক সমিতির সভাপতি সালেহ আহমেদ, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খাইরুল ইসলাম প্রমুখ।
সভায় জেলা প্রশাসক ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘রমজান মাসে কাঁচাবাজারে তদারক করে দাম নিয়ন্ত্রণে আনতে পেরেছি। চিনি, ছোলার দাম নিয়ন্ত্রণে আছে, বেগুন-কাঁচা মরিচের দাম কমেছে। এবার কাপড়ের দাম স্থিতিশীল রাখতে কাল থেকে (আজ বুধবার) তদারক করা হবে। এটি জানানোর জন্য আপনাদের ডেকেছি। কোনো ব্যবসায়ীকে হয়রানি করার উদ্দেশ্য জেলা প্রশাসনের নেই। কাউকে হাতকড়া পরাতে চাই না। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী হঠাৎ বড়লোক হওয়ার জন্য ঈদের চাহিদাকে পুঁজি করে অস্বাভাবিক মুনাফা করতে চায়। এটি বন্ধ করা হবে। কত টাকায় বেচাকেনা হয়েছে ব্যবসায়ীদের এসব রসিদ সঙ্গে রাখতে হবে। এ ছাড়া সব শপিং মলে একটি করে অভিযোগ বাক্স রাখতে হবে। যাতে ক্রেতারা তাঁদের অভিযোগ জানাতে পারেন।’
সভায় ক্যাবের সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, পাশের দেশ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় উৎসবের সময় ব্যবসায়ীরা পোশাকের ক্ষেত্রে মূল্যহ্রাস করেন। কিন্তু আমাদের দেশে উল্টো। দাম নিয়ন্ত্রণে অভিজাত শপিং মলসহ সবখানে নিয়মিত তদারক প্রয়োজন।