দাম বাড়লেও লক্ষ্যমাত্রা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার আমন মৌসুমে প্রতি কেজি ৩০ টাকা দরে দুই লাখ টন চাল সংগ্রহ করবে সরকার। গতবারের তুলনায় এবার কেজিতে চার টাকা দাম বাড়ানো হলেও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা তিন লাখ টন থেকে কমিয়ে দুই লাখ টন করা হয়েছে।
গতকাল বুধবার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমইউ) সভায় চাল সংগ্রহের এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই লক্ষ্যমাত্রা অনুযায়ী ১ ডিসেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারিজুড়ে চাল সংগ্রহ চলবে। গত বোরো মৌসুমে সরকার ১০ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছিল ২৯ টাকা। কিন্তু এক দফা সময় বাড়িয়েও লক্ষ্যমাত্রার চেয়ে এক লাখ ৬৯ হাজার টন কম ধান-চাল সংগ্রহ করে খাদ্য বিভাগ। গত আমন মৌসুমে ২৬ টাকা কেজি দরে তিন লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করলেও সংগ্রহ হয়েছিল দুই লাখ ৭৫ হাজার টন।
গতকালের সভায় জানানো হয়, এ বছর এক কোটি ৩০ লাখ টনের বেশি আমন উৎপাদিত হয়েছে। প্রতি কেজি ধানের উৎপাদন ব্যয় হয়েছে ১৭ টাকা দুই পয়সা এবং প্রতি কেজি চালের উৎপাদন খরচ ২৫ টাকা ৪২ পয়সা।
ব্র্যাকের নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ মাহবুব হোসেন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, দেশের বিভিন্ন এলাকায় আমন ওঠা শুরু করেছে। ফলে কিছুদিনের মধ্যে ধানের দাম কমতে শুরু করবে। ধানের দর কমে যাতে কৃষক ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সরকারের উচিত ছিল চার থেকে পাঁচ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকার গত বোরো ও আমন মৌসুমের মতো এবারও শুধু চালকলের মালিকদের কাছ থেকে চাল কিনবে। খাদ্য বিভাগ আশা করছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে ওই চাল সরকারি খাদ্যগুদামে প্রবেশ করা শুরু করবে। সরকারের খাদ্য সংগ্রহ বাবদ যে বাজেট আছে, তাতে খাদ্য বিভাগ চাইলে আরও তিন লাখ টন চাল সংগ্রহ করতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে সরকারি খাদ্যগুদামে আট লাখ ৩১ হাজার ১৬৬ মেট্রিক টন চাল ও এক লাখ ৩০ হাজার ৫৭৫ টন গম রয়েছে। বাজারে প্রতি কেজি মোটা চাল ২৯ থেকে ৩২ টাকা দরে বিক্রি হচ্ছে। আর প্রতি মণ ধান ৬৫০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এফপিএমইউর সভায় খাদ্যমন্ত্রী রমেশ চন্দ্র সেন সভাপতিত্ব করেন। কমিটির সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।