গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর আগে এই খাতে চুরির পথ বন্ধ করার আহ্বান জানিয়েছেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায়। তিনি বলেন, সব অস্থিরতা দূর করে যখন দেশ উন্নতির দিকে এগিয়ে চলছে, ঠিক তখনই গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে আবার অস্থিরতার সৃষ্টি করা হচ্ছে।
‘বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে’ গতকাল বুধবার রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে সম্মিলিত সামাজিক আন্দোলনের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
অজয় রায় বলেন, চুরি ও সিস্টেম লসে প্রতিবছর সরকারের অনেক অর্থ ক্ষতি হয়। কিন্তু এই চুরির পথ বন্ধ না করে কার স্বার্থে মূল্যবৃদ্ধি করা হলো? গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হলে এর প্রভাব দেশের জনজীবনের ওপর পড়বে। প্রতি বাড়িতে গ্যাসের মিটার লাগানোর পদক্ষেপ কোথায় গেল? মিটার না স্থাপন করে চুরির পথ খোলা রেখে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। তিনি দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
সমাবেশের ঘোষণাপত্রে সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন তারেক আলী বলেন, বিশ্বব্যাপী যখন জ্বালানি তেলের দাম কমছে, তখন এ দেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হচ্ছে।
এমন বিপরীতধর্মী ঘোষণা দেশের মানুষকে বিস্মিত ও বিক্ষুব্ধ করেছে, সবার মনে প্রশ্নের উদ্রেক হয়েছে, কার স্বার্থে কেন হঠাৎ এই পদক্ষেপ নেওয়া হলো।
বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নুর মোহাম্মদ তালুকদার তাঁর বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর হামলার তীব্র নিন্দা ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানান।