দাম বাড়ানোর শুনানিতে অপ্রস্তুত জিটিসিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসের সঞ্চালন মূল্যহার বাড়ানোর জন্য নিজেদের দেওয়া প্রস্তাবের ওপর গণশুনানিতে নিজেরাই অপ্রস্তুত ছিলেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) কর্মকর্তারা। গতকাল সোমবার সকালে এনার্জি রেগুলেটরি কমিশনের কার্যালয়ের মিলনায়তনে এই শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে কনজ্যুমারস অ্যাসোসিয়েশনের (ক্যাব) উপদেষ্টা এস এম শামসুল আলম প্রশ্ন করেন, দেশে প্রাকৃতিক গ্যাসের উৎস সংকুচিত হয়ে আসছে। ২০২০ সাল থেকে গ্যাসের ব্যবহার কমাতে হবে। নতুন বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহের নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। তা সত্ত্বেও ৩০ বছর স্বাভাবিক আয়ুষ্কাল ধরে সারা দেশে নতুন নতুন পাইপলাইন বসানো হচ্ছে কোন যুক্তিতে?
এ ধরনের অযৌক্তিক প্রকল্প বাস্তবায়নে বিপুল অর্থ ব্যয় করার জন্য সঞ্চালন মূল্যহার কেন বাড়ানো হবে এবং কেনই-বা তা সাধারণ ভোক্তার ঘাড়ে চাপানো হবে? এসব প্রশ্নের জুতসই জবাব দিতে পারেননি শুনানিতে অংশ নেওয়া জিটিসিএলের কর্মকর্তারা।
কোম্পানিটি প্রতি ইউনিট (এক ঘনমিটার) গ্যাসের বিদ্যমান সঞ্চালন মূল্য ৩২ পয়সা থেকে বাড়িয়ে আগামী তিন বছরে ৪৭ পয়সা করার প্রস্তাব দেয়। এই প্রস্তাব পর্যালোচনা করে বিইআরসির কারিগরি মূল্যায়ন দল সঞ্চালন মূল্য ১৩ পয়সা করার সুপারিশ করেছে।
এ ছাড়া, জিটিসিএল আগামী তিন বছর ধরে দাম বাড়ানোর যে প্রস্তাব করেছে, সে বিষয়ে মূল্যায়ন দলের মন্তব্য হচ্ছে, বিইআরসির সংশ্লিষ্ট প্রবিধানমালা ‘বহুবর্ষী ট্যারিফ’ সমর্থন করে না।
শুনানিতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নুরুল ইসলাম কতিপয় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি বলেন, প্রথমেই বিইআরসির উচিত কূপমুখে গ্যাসের একটি দাম নির্ধারণ করা। এবারের শুনানির জন্য বিভিন্ন কোম্পানির দেওয়া প্রস্তাবে সরকারের নির্দেশনা অনুযায়ী সম্পদমূল্য হিসেবে গ্যাসের দাম ২৫ টাকা করার কারণ জানতে চেয়ে তিনি বলেন, সরকার একটা রয়্যালটি পায়। তারপর আবার সম্পদমূল্য কেন এবং তা ২৫ টাকা কেন, তা তাঁর বোধগম্য হচ্ছে না।
গ্যাস উন্নয়ন তহবিল গঠনের সময় বিইআরসি যে নির্দেশনা দিয়েছিল, ওই তহবিল ব্যবহারের ক্ষেত্রে তা মানা হচ্ছে না বলেও অভিযোগ করেন জ্বালানি বিশেষজ্ঞ নুরুল ইসলাম। তিনি বলেন, আইনত বিইআরসির নির্দেশনার বাইরে সরকার এই তহবিল ব্যবহারে অন্য রকম নিয়ম করতে পারে না।
সিপিবির নেতা রুহিন হোসেন বলেন, কোনো কোম্পানির অদক্ষতার কারণে গ্যাসের মূল্যবৃদ্ধির বোঝা জনগণের কাঁধে চাপানো যাবে না। গণশুনানিতে গ্রাহকদের পক্ষে জোনায়েদ সাকী, হাসান তারিক চৌধুরী, মেট্রোপলিটান চেম্বার, ঢাকা চেম্বার, স্টিল অ্যান্ড রি-রোলিং মিল মালিকদের একজন করে প্রতিনিধি অংশ নেন।
বিইআরসির চেয়ারম্যান এ আর খান শুনানি চলাকালেই জিটিসিএলকে কিছু নির্দেশনা দেন। এর মধ্যে কোম্পানির বার্ষিক সাধারণ সভা ও অন্যান্য সভার ব্যয় কমানো, উন্নয়ন প্রকল্প ও ব্যয় বরাদ্দের আগে কমিশনের অনুমোদন নেওয়া প্রভৃতি। শুনানিতে কমিশনের চার সদস্য সেলিম মাহমুদ, দেলোয়ার হোসেন, মাকসুদুল হক ও রহমান মুরশিদ উপস্থিত ছিলেন।