
নীলফামারীতে পশুর হাটগুলো জমে উঠেছে। দিন যতই এগিয়ে আসছে, ক্রেতা-বিক্রেতার উপস্থিতিও বাড়ছে হাটগুলোতে। তবে দাম বেশি হওয়ায় বেচাকেনা একটু কম।
কোরবানির বিভিন্ন পশুর হাটে ক্রেতা-বিক্রেতার ব্যাপক উপস্থিতিও লক্ষ করা গেছে।
গতকাল বুধবার নীলফামারী শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজ মাঠ ও বাস টার্মিনাল এলাকায় বসা গরুর হাটে গিয়ে দেখা যায়, হাটে বিপুলসংখ্যক কোরবানির গরু, ছাগল ও মহিষ উঠেছে। ক্রেতা-বিক্রেতায় ভরে উঠেছে গোটা হাট। বেচা হচ্ছে তুলনামূলক কম। গত বছরের থেকে এবার গরু-ছাগলের দাম বেশি। গত বছর কোরবানির যে গরু ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে, এবার সেই ধরনের গরু বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৮ হাজার টাকায়। ছাগলের দামও একটু বেশি। এবার হাটে সর্বোচ্চ দেড় লাখ ও সর্বনিম্ন ২০ হাজার টাকার মধ্যে কোরবানির গরু পাওয়া যাচ্ছে।
ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে মশিউর রহমান ডিগ্রি কলেজ মাঠে অস্থায়ীভাবে হাট বসিয়ে সেখানে শুধু আড়িয়া গরু বিক্রি করা হচ্ছে। টার্মিনাল এলাকায় বলদ, গাভি ও বকনাসহ অন্যান্য গরু-ছাগল কেনাবেচা হচ্ছে।
ক্রেতারা বলছেন দাম বেশি, বিক্রেতারা বলছেন, গত হাটের তুলনায় বুধবার ক্রেতার সংখ্যা বেশি হলেও দাম কম ও কেনাবেচা হচ্ছে কম।
শহরের ক্রেতা ওমর ফারুক (৪০) গরু কিনতে হাটে ঘুরছেন। এ সময় কথা বললে তিনি বলেন, গরুর আমদানি বেড়েছে, কিন্তু দাম বেশি।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গরু ব্যবসায়ী তাজুল ইসলাম (৪০) বলেন, ‘পাঁচটি গরু এনেছি। এখন পর্যন্ত একটিও বিক্রি করতে পারিনি। গতকাল সৈয়দপুর উপজেলার ঢেলাপীর হাটে যে গরু ৫০ হাজার টাকায় বিক্রি করেছি, ওই সাইজের গরুর দাম এখানে সর্বোচ্চ ৪৬ হাজার টাকা পর্যন্ত বলছে।’ তবে এ বছর ভারতীয় গরু না আসায় গরুর দাম কিছুটা বেশি বলে স্বীকার করেন ব্যবসায়ীরা।
নীলফামারী পশুর হাটের ইজারাদারের প্রতিনিধি মসফেকুল ইসলাম (৪৫) বলেন, অন্য দিনের তুলনায় বুধবারের হাটে গরু-ছাগল বেশি উঠেছে। তবে বিক্রি কম হচ্ছে। গত রোববারের হাটে প্রায় পাঁচ শতাধিক গরু বিক্রি হয়েছে। প্রতি রবি ও বুধবার নীলফামারীতে পশুর হাট বসে। ঈদের আগে আরও হাট থাকায় শহরের মানুষ শেষের দিকে কোরবানির পশু কেনেন বলে মন্তব্য করেন তিনি।