দাম বেড়েছে চালে, কমেছে তেল-ডালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা অবরোধে চট্টগ্রামে ভোগ্যপণ্যের পাইকারি বাজারের এখন দুই চিত্র। সরবরাহ কমে যাওয়ায় কিছুটা বেড়েছে চালের দাম। অন্যদিকে বন্দর দিয়ে আমদানি হওয়া ভোগ্যপণ্যের দাম কমেছে।
চট্টগ্রামে ভোগ্যপণ্যের পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অবরোধের প্রভাবে ভোজ্যতেল, ডাল, পেঁয়াজ ও গমের দাম কমে গেছে। স্থিতিশীল রয়েছে চিনির দাম।
বন্দর দিয়ে আমদানি হওয়া ভোজ্যতেল সারা দেশে সরবরাহ হয় চট্টগ্রাম থেকে। অবরোধে চট্টগ্রাম থেকে সারা দেশে খোলা ভোজ্যতেল পাঠানোর পরিমাণ কমে গেছে। সে কারণে গত তিন সপ্তাহে মণপ্রতি (৩৭.৩২ কেজি) সয়াবিন তেলের দাম কমেছে আড়াই শ টাকা।
অবরোধের আগে এক মণ সয়াবিন তেলের দাম ছিল ৩ হাজার ৮০০ টাকা। গতকাল সোমবার প্রতি মণ সয়াবিন তেল বিক্রি হয়েছে ৩ হাজার ৪৫০ টাকা। পাম অয়েলের দাম অবরোধের আগে ছিল ২ হাজার ৩৬০ টাকা আর গতকাল ছিল ২ হাজার ২৮০ টাকা।
তেলের দাম কমে যাওয়ার বিষয়ে ভোজ্যতেল ব্যবসায়ী আরএম এন্টারপ্রাইজের কর্ণধার শাহেদ উল আলম প্রথম আলোকে বলেন, ‘খুলনা, কুষ্টিয়া, নওগাঁ, নোয়াখালী, ফেনীসহ বাংলাদেশের নানা জায়গায় তেল পাঠাতাম। কিন্তু অবরোধের কারণে দূরের ক্রেতারা তেল নিতে ভয় পাচ্ছেন। তাই পরিবহন খরচ বাড়লেও ক্রেতার সংখ্যা কমে যাওয়ায় বাধ্য হয়েই কম দামে তেল বিক্রি করতে হচ্ছে আমাদের।’
সরেজমিনে গত শনিবার খাতুনগঞ্জ-চাক্তাইয়ের পাইকারি বাজারে গিয়ে দেখা গেছে, স্বাভাবিকের তুলনায় কর্মচাঞ্চল্য কম। প্রতিদিন ভোগ্যপণ্য নিয়ে যে পরিমাণ ট্রাক আসা-যাওয়া করত, তিন সপ্তাহ ধরে চলা অবরোধে সেটি প্রায় অর্ধেকে নেমে গেছে।
ব্যবসায়ীরা জানান, চট্টগ্রামে চালের প্রায় পুরোটাই আসে দেশের উত্তরাঞ্চল থেকে। কিন্তু অবরোধে নাশকতার আশঙ্কায় পরিবহন মালিকেরা ভাড়া বাড়িয়ে দেওয়ায় পাইকারি বাজারে চালের দাম বেড়ে গেছে। মানভেদে সরু, মাঝারি ও মোটা চালের ৫০ কেজি ওজনের বস্তার দাম ১০০ থেকে ১৫০ টাকা বেড়েছে। পাইকারি বাজারে কেজিপ্রতি চালের বস্তায় দাম বেড়েছে ২-৩ টাকা।
ব্যবসায়ীরা জানিয়েছেন, বাড়তি ভাড়া দিয়েও পর্যাপ্ত ট্রাক পাওয়া যাচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়ার অনেক মোকামের মালিক চট্টগ্রামে চাল পাঠানো বন্ধ করে দিয়েছেন।
চাক্তাইয়ের মেসার্স হাজি বদিয়র রহমান সওদাগর চাল আড়তের কর্ণধার মোহাম্মদ সেকান্দর হোসেন জানান, নওগাঁ, দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে গত মাস পর্যন্ত সপ্তাহে আট থেকে দশ ট্রাক চাল আনতেন তিনি। কিন্তু অবরোধ শুরু হওয়ার পর চাহিদার অর্ধেকও আনতে পারেননি। ট্রাক ভাড়া ২২ হাজার থেকে বেড়ে ৫০ হাজারে পৌঁছেছে। তবু ট্রাক পাওয়া যায় না।
মুঠোফোনে যোগাযোগ করা হলে চাঁপাইনবাবগঞ্জের নবাব অটো রাইস মিলের কর্ণধার নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, নাশকতার ভয়ে চট্টগ্রামে চাল পাঠানো বন্ধ করে দিয়েছেন তাঁরা।
চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম প্রথম আলোকে বলেন, নাশকতার আশঙ্কায় এবার বেশির ভাগ পরিবহন মালিক ঝুঁকি নিতে চাচ্ছেন না। সে কারণে অনেক ক্ষেত্রে দ্বিগুণ ভাড়াতেও পরিবহন মিলছে না। আবার অনেক মোকামের মালিকও চাল পাঠাচ্ছেন না। চট্টগ্রামের বেশির ভাগ ব্যবসায়ীর মজুত শেষের দিকে। এভাবে আর কয়েক দিন চললে বাজারে চালের সংকট তৈরি হবে।
চালের দাম বাড়লেও ক্রেতার অভাবে পেঁয়াজের দাম বাড়াতে পারছেন না ব্যবসায়ীরা। পেঁয়াজ পরিবহনেও খরচ বেড়েছে। বেনাপোলসহ স্থলবন্দর দিয়ে চট্টগ্রামের খাতুনগঞ্জে এসব পেঁয়াজ আসে। খাতুনগঞ্জ থেকে কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, ফেনীতে এসব পেঁয়াজ পাঠানো হয়। কিন্তু পচনশীল পণ্য হওয়ায় কম দামেই ব্যবসায়ীরা পেঁয়াজ ছেড়ে দিচ্ছেন।
খাতুনগঞ্জের হামিদউল্লা মিয়া মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিছ প্রথম আলোকে বলেন, অবরোধের আগে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৩৪-৩৫ টাকা। কিন্তু এখন দাম বেশি পড়লেও পাইকারি বাজারে ৩০-৩১ টাকায় পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে।
অবরোধের আগে পাইকারি বাজারে প্রতি বস্তা কানাডার গমের (৩৭.৩২ কেজি) দাম ছিল ১ হাজার ৫০ টাকা। এখন দাম ৯৮৫ টাকা। একইভাবে মসুর ডাল ও মটর ডালের দামও কমে গেছে। আমদানি করা গোটা মসুর ডাল প্রতি কেজিতে (পাইকারি বাজার) তিন থেকে চার টাকা দাম কমে বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭০ টাকা। একইভাবে মটর ডালের দাম কমেছে কেজিপ্রতি চার থেকে পাঁচ টাকা। এখন প্রতি কেজি মটর ডাল বিক্রি হচ্ছে প্রায় সাড়ে ২৯ টাকা।
চিনির পাইকারি দর মণ (৩৭.৩২ কেজি) প্রতি বিক্রি হচ্ছে ১ হাজার ৪২০ টাকায়। অবরোধের আগেও একই দাম ছিল।
কয়েকজন ব্যবসায়ী জানান, ব্যাংকের অর্থায়নে পণ্য আমদানি হয়। নির্ধারিত সময়ের মধ্যে এসব পণ্য বিক্রি করে ব্যাংকের টাকা শোধ করতে হয়। কিন্তু অবরোধে পণ্য বিক্রি কমে যাওয়ায় ব্যাংকঋণের কিস্তি পরিশোধ করতে অনেক ব্যবসায়ী কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহমেদ প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের ভোগ্যপণ্যর ব্যবসা তিন-চতুর্থাংশ কমে গেছে। অথচ প্রতিদিনই বাড়ছে ব্যাংকের সুদ ও আনুষঙ্গিক খরচ। এভাবে চলতে থাকলে পথে বসতে হবে ব্যবসায়ীদের।