দাম বেড়েছে তেলের, ভাড়া বৃদ্ধি সিএনজিচালিত যানের
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরদিন থেকে পাবনার বেড়া উপজেলায় সিএনজিচালিত বিভিন্ন ধরনের যানবাহনের ভাড়া দেড় গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে।জানা গেছে, বেড়ায় সিএনজিচালিত অর্ধশতাধিক মাইক্রোবাস, দুই শতাধিক অটোরিকশা ও অর্ধশতাধিক সিএনজি নামের কাটাগাড়ি যাত্রী পরিবহন করে। মাইক্রোবাসগুলো রোগী বহন, বিয়েসহ বিভিন্ন পারিবারিক কাজে ভাড়ায় ব্যবহূত হয়। অটোরিকশাগুলো রিজার্ভে অথবা নির্দিষ্ট পথে আলাদা আলাদা যাত্রী নিয়ে যাতায়াত করে। অন্যদিকে, সিএনজি নামের কাটাগাড়িগুলো স্বল্পদূরত্বের মধ্যে ১০ থেকে ১৫ জন যাত্রী পরিবহন করে।গত ৩ জানুয়ারি রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরদিন থেকেই এই তিন ধরনের যানবাহনের ভাড়া বাড়ানো হয়েছে। অথচ জ্বালানি তেলের সঙ্গে এসব যানবাহনের কোনো সম্পর্ক নেই। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসে (সিএনজি) এসব যানবাহন চললেও অসহায় যাত্রীদের কাছ থেকে কায়দা করে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। বেড়ার মনজুর কাদের মহিলা কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ বলেন, ‘তেলের মূল্যবৃদ্ধির আগে বেড়া থেকে পাবনা ঘুরে আসতে মাইক্রোবাসের ভাড়া ছিল এক থেকে এক হাজার ২০০ টাকা। অথচ এখন দেড় হাজার টাকার নিচে কোনো মাইক্রোবাস যাচ্ছে না।’বেড়া উপজেলা মাইক্রোবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক ভাড়া বাড়ানোর বিষয়টি স্বীকার করে জানান, সিএনজিতে তাঁদের গাড়িগুলো চললেও সব ধরনের যন্ত্রাংশের দাম বেড়েছে। যাত্রীরা ভাড়া বাবদ যা দেয়, তাতে তাঁদের পোষায় না। তেলের মূল্যবৃদ্ধিতে বিভিন্ন যানবাহনের ভাড়া বাড়ানোর খবর পেয়ে তাঁরাও ভাড়া বাড়িয়েছেন। গত সোমবার বেড়া বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, সিএনজি নামের কাটাগাড়িতে যাত্রীপ্রতি প্রায় দেড় গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এ ধরনের গাড়িতে চলাচলকারী যাত্রীরা অভিযোগ করেন, বেড়া থেকে কাশীনাথপুর পর্যন্ত একেকজনের ভাড়া ছিল ১০ টাকা। অথচ তেলের দাম বাড়ার পরদিন থেকেই যাত্রীপ্রতি ১৫ টাকা আদায় করা হচ্ছে। ভাড়া বাড়ানোর বিষয়টি অস্বীকার করে বেড়া উপজেলা সিএনজিচালিত অটোরিকশাচালক সমিতির সাধারণ সম্পাদক মানিক মিয়া জানান, ডিজেলের সঙ্গে তাঁদের অটোরিকশার কোনো সম্পর্ক না থাকায় তাঁরা ভাড়া বাড়াননি। পাবনা শহরে ঢুকতে গেলে ৫০ টাকা চাঁদা দিতে হচ্ছে। এ জন্য যাত্রীদের কাছ থেকে ৫০ টাকা বেশি নেওয়া হচ্ছে।