দাম ভালো হলেও ক্ষতি পাটচাষিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশাখ মাসের শেষের দিকে জয়পুরহাটে শিলাবৃষ্টি হওয়ায় পাট আবাদ ক্ষতিগ্রস্ত হয়। উৎপাদন কম হওয়ায় পাটের দাম গত বছরের চেয়ে বেশি হলেও কৃষকেরা এবার লাভের মুখ দেখছেন না।
চলতি মৌসুমে জেলার জামালগঞ্জ, দুর্গাদহ, পুরানাপৈল, পাঁচবিবির হাটগুলোতে পাট বেচাকেনা শুরু হয়েছে। সরেজমিন কৃষক ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ মৌসুমে প্রকারভেদে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৭০০ টাকা মণ দরে পাট বিক্রি হচ্ছে। গত বছর ১ হাজার টাকা থেকে ১ হাজার ৩০০ টাকা দরে বিক্রি হয়েছিল।
ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর এবং সদর উপজেলার জামালপুর, পুরানাপৈল গ্রামের কৃষকেরা বলেন, এবার পাটের দাম গতবারের চেয়ে ভালো। কিন্তু দাম ভালো হলেও ফলন কম হওয়ায় তাঁরা লাভের মুখ দেখছেন না। কৃষকেরা বলেন, এক বিঘা জমিতে পাট চাষ করতে ছয়-সাত হাজার টাকা খরচ করতে হয়। পাট মৌসুমে আবহাওয়া ভালো থাকলে বিঘাপ্রতি ১০-১৩ মণ পাট উৎপাদিত হয়। কিন্তু বৈশাখ মাসের শেষ দিকে পাট বড় হওয়ার পরপরই প্রচণ্ড শিলাবৃষ্টি ও ঝড় হওয়ায় পাটের ব্যাপক ক্ষতি হয়। এবার পাটের ফলন অর্ধেকে নেমেছে।
মহব্বতপুর গ্রামের কৃষক ছাইদুল ইসলাম বলেন, তিনি দেড় বিঘা জমিতে পাট চাষ করে ফলন পেয়েছেন ১০ মণ। কৃষক মিন্টু হোসেন বলেন, শ্রমিকের মজুরিসহ সব জিনিসের দাম বেড়ে গেছে। পাটের দাম মণপ্রতি দুই-আড়াই হাজার টাকা হলে তাঁদের লাভ হতো।
জেলা কৃষি সহকারী কৃষি কর্মকর্তা আবদুল মজিদ বলেন, আবহাওয়ার কারণে উৎপাদন কিছুটা কম হতে পারে।
জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ জেড এম ছাব্বির ইবনে বলেন, এবারে পাটের ফলন কিছুটা কম হলেও দাম বেশি থাকায় কৃষকদের লোকসানের মুখে পড়তে হবে না।