দাম 'আকাশছোঁয়া' তবুও চাষি বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাজারে কাঁচা মরিচের দাম আকাশছোঁয়া। তারপরও লাভবান হতে পারছেন না মরিচচাষিরা। কারণ, তিন সপ্তাহের ব্যবধানে মাকড় ও পচারি (ব্লাইট) রোগের প্রকোপে নষ্ট হয়ে যাচ্ছে মরিচের গাছ। ফলে কাঁচা মরিচের দাম অস্থিতিশীল হয়ে পড়েছে।
উপজেলার চার-পাঁচজন মরিচচাষি বলেন, মরিচখেতের গাছগুলোতে কালো রঙের দাগ হয়ে গাছের গোড়া পচে মরে যাচ্ছে। আবার কোনো কোনো খেতে মাকড়ের আক্রমণে গাছগুলোর পাতা কুঁকড়ে যাচ্ছে। এতে আক্রান্ত খেতগুলোয় মরিচের উৎপাদন কমে গেছে। স্থানীয় কৃষি কার্যালয় থেকে চাষিদের পচারি লাগা গাছ কেটে পচারিনাশক ও মাকড় লাগা খেতে মাকড়নাশক ওষুধ ছেটাতে বলা হয়েছে। কিন্তু এসব বালাইনাশক ছিটিয়েও সমস্যার সমাধান হচ্ছে না বলে চাষিরা অভিযোগ করেন।
চাষিরা বলেন, এ উপজেলার অনেক চাষি মরিচের চাষ করেছেন। কিন্তু প্রথমে টানা গরম। এখন আবার গুমোট আবহাওয়া। মাঝেমধ্যে বৃষ্টিও হয়। এতে ক্ষতি হচ্ছে মরিচ চাষের।
গতকাল সোমবার উপজেলা সদরের বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, কাঁচা মরিচ বাজারে সকালে এক দামে আর বিকেলে আরেক দামে বিক্রি হচ্ছে। প্রতি কেজি মরিচ ১০০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
উপজেলার ধোন্দাকোলা গ্রামের চাষি গণেশ দাস (৪০) বলেন, তিন সপ্তাহের মধ্যে তাঁদের মরিচখেতগুলো অনেকটাই মরিচশূন্য হয়ে পড়েছে।
উপজেলার কাঞ্জিহারি গ্রামের কৃষক আবদুল মোতালেব (৫৮) বলেন, প্রতিবছরই তিনি এই সময় মরিচের চাষ করেন। এ বছর প্রথম দিকে গাছের বাড় ঠিকই ছিল। কিন্তু পরে তা থমকে যায়। কোনো খেতে মাকড় আর কোনো খেতে পচারি লেগে খেত উজাড় হতে থাকে। ওষুধ ছিটিয়েও কোনো লাভ হয়নি।
মরিচ ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪৫) বলেন, ‘চাষিদের মতোই হামাকেরে অবস্থা। বেশি দাম দিয়াও পত্তা (মরিচ) পাওয়া যাচ্ছে না। আবার দাম বেশির কারণে মানুষ কাঁচাপত্তা এখন অনেক কম কিনিচ্চে।’
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল বলেন, চলতি মৌসুমে এ উপজেলায় ১০০ হেক্টর জমিতে মরিচ চাষ হচ্ছে। আবহাওয়া ঠিক হয়ে গেলে এ সমস্যা আর থাকবে না। এ ব্যাপারে তাঁরা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন বলে তিনি জানান।