দাম 'যৌক্তিক' করার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জ্বালানি তেলের দাম ‘যৌক্তিক’ করার উদ্যোগ নিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে অব্যাহতভাবে দাম কমার প্রেক্ষাপটে এ উদ্যোগ আসলে দাম কমানোর। তবে দাম কমালেও তা আন্তর্জাতিক বাজারদরের সমান্তরাল করা হবে না। বিপিসির মুনাফা রেখে দাম নির্ধারিত হবে। এ জন্য একে যৌক্তিক করা বলা হচ্ছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এ খবর জানা গেছে। সূত্রগুলো বলেছে, উদ্যোগ নেওয়া হলেও দু-চার দিনের মধ্যে এ ব্যাপারে সরকারি কোনো সিদ্ধান্ত ঘোষণার সম্ভাবনা কম। বিষয়টি নিয়ে সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে আলাপ-আলোচনা করতে হবে।
এ উদ্যোগের অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয় গত রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে একটি চিঠি দিয়েছে। চিঠিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সর্বশেষ আর্থিক অবস্থা কী দাঁড়িয়েছে, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে সর্বশেষ কত দামে বিপিসি তেল আমদানি করেছে, তা-ও জানাতে বলা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ওই চিঠির জবাব তৈরি করছে জ্বালানি বিভাগ।
এ সম্পর্কে জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গতকাল বুধবার প্রথম আলোকে জানান, আজ বৃহস্পতিবার তাঁরা অর্থ মন্ত্রণালয়ের চিঠির জবাব পাঠাবেন। তাতে কোন ধরনের জ্বালানির দাম কত নির্ধারণ করা যায়, তা উল্লেখ করা হবে না। তবে কীভাবে জ্বালানি তেলের দাম যৌক্তিক করা যায়, সে বিষয়ে আলোকপাত করা হবে।
বিপিসির বর্তমান আর্থিক অবস্থা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, গত প্রায় দেড় বছরে বিপিসি যে মুনাফা করেছে, তা দিয়ে ইতিমধ্যে তাদের সব ঋণ পরিশোধ করার পরও প্রায় দুই হাজার কোটি টাকা উদ্বৃত্ত আছে।
বিপিসির সূত্র প্রথম আলোকে বলেছে, জ্বালানি তেলের দাম বর্তমান পর্যায়ে থাকলে চলতি ২০১৫-১৬ অর্থবছরে তাদের প্রায় ১২ হাজার কোটি টাকা মুনাফা হতে পারে।
দেশে সর্বশেষ জ্বালানি তেলের দাম বাড়ানো হয় ২০১৩ সালের ৪ জানুয়ারি। তখন আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল ১২০ মার্কিন ডলার। তখন দেশে দাম বাড়িয়ে প্রতি লিটার অকটেন ৯৯ টাকা, পেট্রল ৯৬, ডিজেল ও কেরোসিন ৬৮ এবং ফার্নেস তেল ৬০ টাকা করা হয়।
চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধি ও আন্তর্জাতিক জ্বালানি রাজনীতির কারণে ২০১৪ সালের জুন মাস থেকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করে। বর্তমানে তা ব্যারেলপ্রতি ২৮ ডলারের কাছাকাছি নেমে এসেছে। ইরানের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অর্থনৈতিক ও বাণিজ্যিক অবরোধ প্রত্যাহারের পর প্রতি ব্যারেল তেলের দাম ১০ ডলার পর্যন্ত নেমে আসার প্রেক্ষাপট তৈরি হয়েছে বলে পূর্বাভাস দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞ, গবেষক ও অর্থনীতিবিদেরা। তাঁরা আরও বলছেন, দাম কমার প্রবণতা উল্টে গিয়ে দু-তিন বছরে তেলের দাম খুব একটা বৃদ্ধির সম্ভাবনা নেই।
এর আগে দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ, সিপিডি, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ এবং গবেষকেরা জ্বালানি তেলের দাম কমালে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনসহ বেশ কিছু সুফলের কথা একাধিকবার বলেছেন। কিন্তু সরকার তা বিবেচনায় নেয়নি। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলেছে, এখন জ্বালানি খাতের সর্বশেষ বিশ্ব পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার দেশে তেলের দাম যৌক্তিক করার উদ্যোগ নিয়েছে। তবে এ উদ্যোগের ফল পেতে কিছুদিন সময় লাগতে পারে।