দামি মুঠোফোনই কাল হলো হাসনাইনের
দামি মুঠোফোন ছিনিয়ে নিতেই হত্যা করা হয়েছে ভোলার কলেজছাত্র হাসনাইন কবিরকে (২২)। নিহত হাসনাইনের পরিবার ও থানা-পুলিশ এমনটাই ধারণা করছে।
নিখোঁজ হওয়ার দুই দিন পর গত সোমবার সকালে ভোলা খালে হাসনাইনের মরদেহ পাওয়া যায়। তাঁর গলায় রশির ফাঁস, মুখমণ্ডল পলিথিনে মোড়ানো, শরীরে ধারালো ছুরির আঘাত ও পেট কাটার চিহ্ন দেখা গেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সুমন (২২) নামে হাসনাইনের এক বন্ধুকে গতকাল মঙ্গলবার ভোরে ভোলা শহরের উত্তর চরনোয়াবাদ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হাসনাইন ভোলা সরকারি কলেজের হিসাববিজ্ঞান (সমঞ্চান) বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি ভোলা কালিনাথ রায়ের বাজারে মোল্লাপট্টির মোল্লা পরিবারের ছেলে। তাঁর বাবা ভোলা পৌরসভার সাবেক কাউন্সিলর হুমায়ুন মোল্লা।
নিহত ব্যক্তির স্বজনেরা জানান, হাসনাইনের বাবা ও বড় বোন যুক্তরাষ্ট্রে থাকেন। ৫ এপ্রিল হাসনাইনের মা হোসনেয়ারা বেগম যুক্তরাষ্ট্র থেকে প্রায় দুই লাখ টাকা দামের দুটি মুঠোফোন নিয়ে আসেন। শনিবার হাসনাইন মুঠোফোন দুটি সঙ্গে নিয়ে বের হন। পরিবারের সদস্যরা আরও জানান, হাসনাইনের কোনো শত্রু নেই। তাঁর হাতে থাকা দুটি দামি মুঠোফোনের জন্যই পরিচিত কেউ হত্যা করতে পারে।