দামুড়হুদায় ১৪ বাড়িতে ডাকাতি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগর গ্রামে গণডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে মুখোশধারী ২৪-২৫ জনের ডাকাত দল গ্রামের ১৪টি বাড়িতে ডাকাতি করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, মুখোশধারী ডাকাত দলের সদস্যরা রাত ১০টার দিকে শিবনগর গ্রামে প্রবেশ করে। এ সময় ধারালো অস্ত্রের মুখে পর্যায়ক্রমে রফিকুল ইসলাম, শাহাবুদ্দীন, তৈয়ব আলী, নজরুল ইসলাম, আতর আলী, আবু বকস, রমজান আলী, সলেমান আলী, সোহরাব আলী, বৈতুল্লাহ, মতিয়ার রহমান, শহিদুল ইসলাম, আবু মোল্লা ও আনারুল ইসলামের বাড়িতে ডাকাতি করে। এ সময় টাকাপয়সা ও সোনার গয়নাসহ বিভিন্ন মালামাল লুট করা হয়। একপর্যায়ে গ্রামবাসী প্রতিরোধ করতে চাইলে ডাকাতেরা দুটি বোমা ফাটিয়ে পালিয়ে যায়।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান জানান, শুক্রবার রাত ১১টায় সহকারী পুলিশ সুপার (প্রবি) আসাদুজ্জামানকে সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই ঘটনায় কেউ মামলা করতে আগ্রহী নন। তবে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ মাঠে নেমেছে।