দামুড়হুদার সেই গ্রামে ফের খুন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর গ্রামে গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা মন্টু মিয়া (৩০) নামের এক দিনমজুরকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে।
এ নিয়ে গত ১৫ দিনে ওই গ্রামে তিন ব্যক্তিকে ঘরে ঢুকে হত্যা এবং চারজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটল৷
নিহতের মা হাজেরা বেগম জানান, মন্টু মঙ্গলবার রাত ১১টার দিকে ঘরে ঘুমাতে যায়।
রাত সাড়ে ১২টার দিকে গোঙািনর শব্দ শুনে তিনি ঘরে ঢুকে মন্টুর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। এ সময় গ্রামেরই এক সন্ত্রাসীকে তিনি ধারালো অস্ত্র নিয়ে চলে যেতে দেখতে পান।
পুলিশ গতকাল বুধবার সকালে মন্টুর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
মন্টুর মা হাজেরা বেগম গতকাল বুধবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় মামলার প্রস্তুতি নিচ্ছিলেন৷
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, আমজাদ হোসেনের খুনিরাই মন্টু মিয়াকে খুন করেছে।
এ ছাড়া তারা ওই গ্রামে বেশ কিছু নৃশংসতা চালিয়েছে। ওই চক্রকে ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।